Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৭, ২০ নভেম্বর ২০২৬

ভ্যান গঘের চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড ১৯ কোটি ডলারে

ভ্যান গঘের চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড ১৯ কোটি ডলারে
ছবি: সংগৃহীত

বেঁচে থাকতে চরম দারিদ্র্য, মানসিক অবসাদ ও অবহেলার মধ্যে কেটেছে জীবন। মাত্র ৩৭ বছরের জীবনে তার আঁকা অধিকাংশ ছবিই তেমন স্বীকৃতি পায়নি। জীবদ্দশায় বিক্রি হয়েছিলো মাত্র একটি বা দুটি চিত্রকর্ম। অথচ মৃত্যুর ১৩৬ বছর পরও তার আঁকা ছবি নিয়ে বিশ্বজুড়ে শিল্পপ্রেমী ও সংগ্রাহকদের মধ্যে চলে তুমুল প্রতিযোগিতা। তিনি ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ।

এবার তার আঁকা একটি চিত্রকর্ম নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ১৯ কোটি ৪ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য কয়েক হাজার কোটি টাকা। বুধবার নিউইয়র্কে বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবি’স আয়োজিত নিলামে এ রেকর্ড গড়ে চিত্রকর্মটি।

‘চেস্টনাট ট্রিজ ইন ব্লসম’ নামের এ চিত্রকর্মটি বিক্রির মধ্য দিয়ে ভ্যান গঘের আগের নিলাম রেকর্ডও ভেঙে গেছে। ২০২২ সালে তার আরেকটি চিত্রকর্ম ১১ কোটি ৭২ লাখ ডলারে বিক্রি হয়েছিলো। নতুন বিক্রিটি সে রেকর্ড ছাড়িয়ে শিল্পীর চিত্রকর্মের সর্বোচ্চ নিলামমূল্য হিসেবে জায়গা করে নিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তবে চিত্রকর্মটির এ ঐতিহাসিক বিক্রির আগে এর মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়েছিলো। নাৎসি শাসনের উত্থানের সময় চাপে পড়ে ছবিটি বিক্রি করা হয়েছিলো কি না, তা নিয়ে বর্তমান মালিক ব্ল্যাকিয়ার-আরিয়েতা পরিবার এবং আগের জার্মান মালিক ফিশার পরিবারের উত্তরাধিকারীদের মধ্যে বিরোধ চলছিলো। নিলামের কয়েক ঘণ্টা আগে দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় শেষ পর্যন্ত বিক্রির পথ খুলে যায়।

১৮৯০ সালে জীবনের শেষ দুই মাসে ছবিটি এঁকেছিলেন ভ্যান গঘ। সোথবি’স-এর ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগত মালিকানায় থাকা ওই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকর্ম এটি। তেলরঙে আঁকা ছবিটির নিলাম-পূর্ব আনুমানিক মূল্য ধরা হয়েছিলো ১৮ কোটি ডলার।

‘ব্ল্যাকিয়ার-আরিয়েতা কালেকশন’-এর অংশ হিসেবে চিত্রকর্মটি নিলামে তোলা হয়। তবে শেষ পর্যন্ত কে এটি কিনেছেন, তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

নিলামের আগে সোথবি’স জানায়, চিত্রকর্মটির মালিক ব্ল্যাকিয়ার-আরিয়েতা পরিবার এবং এর সাবেক মালিক ফিশার পরিবারের উত্তরাধিকারীদের মধ্যে সমঝোতা হয়েছে। ফিশার পরিবারের উত্তরাধিকারীদের দাবি ছিলো, নাৎসি শাসনের সময় তাদের পরিবার আর্থিক ও রাজনৈতিক চাপের মুখে পড়েছিলো। ওই পরিস্থিতিতে চিত্রকর্মটি বিক্রি করতে বাধ্য হয়ে থাকতে পারে পরিবারটি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমস্টারডামে ছবিটি বিক্রির বিষয়ে ফিশার পরিবারের উত্তরাধিকারীদের পক্ষ থেকে সোথবি’স-কে চিঠি দিয়েছিলেন একজন আইনজীবী। সেখানে বলা হয়, নাৎসি শাসনের অধীনে ফিশার পরিবারের প্রকাশনা প্রতিষ্ঠান ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছিলো। ওই পরিস্থিতির প্রভাবেই চিত্রকর্মটি বিক্রি হয়ে থাকতে পারে।

বুধবার এক বিবৃতিতে সোথবি’স জানায়, চিত্রকর্মটির নাৎসি আমলের জটিল ইতিহাস এবং হলোকাস্টের সময় ফিশার পরিবারের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে উভয় পরিবার পারস্পরিক সন্তোষজনক সমঝোতায় পৌঁছেছে। সে চুক্তি অনুসারেই শিল্পকর্মটি বিক্রি করা হয়েছে।

সোথবি’স-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, চিত্রকর্মটির মালিকানা পরিবর্তনের ইতিহাস বেশ দীর্ঘ। ১৯০৯ সালে বিখ্যাত জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশার ছবিটি সংগ্রহ করেছিলেন। ১৯৩৪ সালে তার মৃত্যুর পর এটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরিত হয়।

পরবর্তী সময়ে ১৯৩২ বা ১৯৩৩ সালে চিত্রকর্মটি আমস্টারডামে পল ক্যাসিরারের কাছে জমা রাখা হয়েছিলো। ১৯৩৬ সালে এটি প্যারিসের হেনরিয়েট ও মার্সেল কাপফেরারের কাছে যায়। এরপর আরও চারজনের হাত ঘুরে ১৯৭৫ সালে ব্ল্যাকিয়ার পরিবার ছবিটি সংগ্রহ করে। দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে চিত্রকর্মটি তাদের মালিকানায় ছিলো।

জীবদ্দশায় স্বীকৃতি ও আর্থিক সচ্ছলতা না পাওয়া ভ্যান গঘের শিল্পকর্ম আজ বিশ্ববাজারে কোটি কোটি ডলারে বিক্রি হচ্ছে। নতুন এ নিলাম রেকর্ড আবারও প্রমাণ করলো, মৃত্যুর এক শতাব্দীরও বেশি সময় পরও বিশ্বশিল্পকলায় তার অনন্য অবস্থান অটুট রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিলো যুবদল–ছাত্রদল
সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার
হুতি হামলায় রিয়াদের সর্বোচ্চ উচ্চতার ভবন ক্ষতিগ্রস্ত
ভ্যান গঘের চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড ১৯ কোটি ডলারে
জিয়াউল আহসানের বাড়িতে হামলা, পেট্রোল ঢেলে আগুন
নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোন এলাকায় কবে ভোট
দেশজুড়ে আওয়ামী সন্ত্রাস, ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল
পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিচ্ছিন্ন হলো ট্রেন চলাচল
পোশাক খাতের আন্দোলনে ক্ষতি ৪ হাজার কোটি টাকা
বয়স্ক নারীদের যৌন সক্রিয়তায় ভিটামিন ডি’র ভূমিকা
এশিয়া কাপে বাংলাদেশের দাপুটে জয়
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার
হাসিনা লাশের অপেক্ষায় আছেন: সোহেল তাজ
তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি শি জিনপিংয়ের
নারী পোশাকশ্রমিককে হামলা নিয়ে রাজনৈতিক অপপ্রচার, মৃত্যুর খবরও গুজব
এনাফ ইজ এনাফ, খুনিদের আর ছাড় নয়: প্রধানমন্ত্রী
বিএনপি এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন দিলো আওয়ামী সন্ত্রাসীরা