পাকিস্তানের আকাশসীমায় ঢুকে চাকরি খোয়ালেন এয়ার ইন্ডিয়ার পাইলট
ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে অমৃতসরগামী একটি এয়ার ইন্ডিয়া উড়োজাহাজ অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (২২ জুন) রাতে এয়ার ইন্ডিয়ার এয়ারবাস এ৩২১ উড়োজাহাজটি দিল্লি থেকে অমৃতসরের উদ্দেশে যাত্রা করেছিল। রাত ১০টা ৮ মিনিটের দিকে অমৃতসর বিমানবন্দরে অবতরণের প্রস্তুতিকালে রানওয়ে পরিদর্শন কার্যক্রম চলার কারণে বিমানটিকে আকাশে অপেক্ষা করার নির্দেশ দেয়া হয়।
এর আগে একই দিন বিকেলে অমৃতসর বিমানবন্দরে অবতরণের সময় একটি ইন্ডিগো ফ্লাইটে পাখির আঘাত (বার্ড হিট) লাগার ঘটনা ঘটে। এ কারণে বিমানবন্দরের কার্যক্রমে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয় এবং পরবর্তী কয়েকটি ফ্লাইটকে আকাশে অপেক্ষা করতে বলা হয়। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি ছিলো অপেক্ষমাণ উড়োজাহাজগুলোর মধ্যে চতুর্থ।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর তথ্যমতে, রাডার নির্দেশনার মাধ্যমে অবতরণ প্রক্রিয়া শুরু করার সময় উড়োজাহাজটি অল্প সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। পরে পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার পর বিমানটি দিল্লিতে ফিরে যায় এবং নিরাপদে অবতরণ করে। পরবর্তীতে একই উড়োজাহাজ পুনরায় অমৃতসরের উদ্দেশে যাত্রা করে এবং নির্ধারিত গন্তব্যে পৌঁছায়।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, অমৃতসর বিমানবন্দরে ‘গো-অ্যারাউন্ড’ কৌশল প্রয়োগের সময় ফ্লাইট এআই-৪৭৯ অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় তিন মাইল পাকিস্তানের আকাশসীমার ভেতরে প্রবেশ করেছিলো।
ডিজিসিএ আরও জানিয়েছে, ঘটনাটি যথাসময়ে রিপোর্ট না করায় ফ্লাইটের ক্রু সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। একই সঙ্গে অমৃতসর বিমানবন্দরের একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারকেও শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঘটনার সময় অমৃতসর বিমানবন্দরের অ্যাপ্রোচ সার্ভেইল্যান্স সেবা কার্যকর ছিলো না। পরবর্তীতে দ্বিতীয়বার অবতরণের চেষ্টাও সফল না হওয়ায় উড়োজাহাজটির জ্বালানি পরিস্থিতি বিবেচনা করে সেটিকে দিল্লিতে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান সম্পর্কের সংবেদনশীল প্রেক্ষাপটে এ ধরনের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা নিরাপত্তা ও বিমান চলাচল ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। তবে দুই দেশের বিমান চলাচল কর্তৃপক্ষের সমন্বয়ের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সবার দেশ/কেএম




























