ইতালির পার্লামেন্টে সাইবার হামলা, আক্রান্ত মেলোনির ইমেইল
ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ কয়েকজন আইনপ্রণেতার ইমেইল অ্যাকাউন্ট আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ইতালির বার্তা সংস্থা আনসার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
প্রতিবেদন অনুযায়ী, হামলায় পার্লামেন্টের নিম্নকক্ষের পুরো কম্পিউটার ব্যবস্থা আক্রান্ত হয়। তবে প্রযুক্তিবিদরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রীর দফতর পালাজ্জো চিগির সূত্র জানিয়েছে, আক্রান্ত ইমেইল অ্যাকাউন্টটি মেলোনি সরকারি কাজে ব্যবহার করেন না।
পার্লামেন্টের নিম্নকক্ষের সূত্রগুলো জানিয়েছে, ঘটনাটিকে আপাতত জরুরি নিরাপত্তা পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হচ্ছে না। তাদের ভাষ্য, এ ধরনের সাইবার হামলা প্রায় প্রতিদিনই ঘটে। তবে পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নেয়া হয়েছে।
নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে কম্পিউটার ব্যবস্থার কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এটি স্বাভাবিক নিরাপত্তা প্রক্রিয়ার অংশ।
সূত্রগুলো আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এ ধরনের সাইবার হামলা এবং তথ্যপ্রযুক্তি ব্যবস্থার ওপর চাপ বেড়েছে বলে মনে হচ্ছে। শুধু ইতালিই নয়, ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানসহ আন্তর্জাতিক পর্যায়ের সংস্থাগুলোও একই ধরনের হামলার মুখে পড়ছে।
তবে হামলার পেছনে কারা জড়িত, কীভাবে হামলা চালানো হয়েছে কিংবা কতটা তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
সবার দেশ/কেএম




























