বিমানবন্দরে দুই যাত্রীর অন্তর্বাসে ১২ কেজি স্বর্ণের পেস্ট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৬ ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পায় কাস্টমস কর্তৃপক্ষ। এরপর বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি শুরু করে সংস্থাটির প্রতিরোধ দল।
একপর্যায়ে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসেন দুই যাত্রী চেন লিউইউন (CHEN LIYUN) ও মো শিয়াওইউ (MO XIAOYU)। পরে তাদের তল্লাশি করে জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা নরম হলুদ রঙের স্বর্ণের পেস্ট পাওয়া যায়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা স্বর্ণের পেস্টের মোট ওজন ভেজা অবস্থায় ১২ কেজি। প্রাথমিক বিশুদ্ধতা পরীক্ষায় এটি ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।
এ ঘটনায় উদ্ধার করা স্বর্ণ জব্দ করা হয়েছে। আটক দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।
সবার দেশ/কেএম




























