Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১১, ১৩ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলের বিদায়ে তিন পদে শূন্যতা,  সম্ভাব্য উত্তরসূরি যারা

মির্জা ফখরুলের বিদায়ে তিন পদে শূন্যতা,  সম্ভাব্য উত্তরসূরি যারা
ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের বৈঠকের পর তার প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল চারটার মধ্যে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাষ্ট্রপতি নির্বাচিত হলে একই সঙ্গে বিএনপির মহাসচিব, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সরকারের স্থানীয় সরকারমন্ত্রীর পদ ছাড়তে হবে মির্জা ফখরুলকে। পাশাপাশি তার সংসদীয় আসন ঠাকুরগাঁও-১-ও শূন্য হবে। ফলে তার রাষ্ট্রপতি হওয়াকে ঘিরে এখন দলের পাশাপাশি সরকারেও গুরুত্বপূর্ণ কয়েকটি পদে সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মহাসচিব পদে রিজভী ও সালাহউদ্দিন আলোচনায়

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে কে আসবেন, তা নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম বেশি আলোচনায় রয়েছে।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, জাতীয় কাউন্সিলের আগে একজনকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। পরে কাউন্সিলের মাধ্যমে মহাসচিব পদে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ ক্ষেত্রে রুহুল কবির রিজভীর নামও জোরালোভাবে আলোচনায় রয়েছে। তিনি এবার সংসদ নির্বাচন করেননি এবং মন্ত্রিসভাতেও নেই। দলের কয়েকজন দায়িত্বশীল নেতা মনে করছেন, মির্জা ফখরুল পদ ছাড়ার পর সাংগঠনিকভাবে অভিজ্ঞ রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হতে পারে।

অন্যদিকে সালাহউদ্দিন আহমদও দলের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। তিনি বর্তমানে স্থায়ী কমিটির সদস্য এবং সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তবে মহাসচিব পদে চূড়ান্ত সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্ব ও জাতীয় কাউন্সিলের ওপর নির্ভর করবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কে আসছেন

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও ছাড়তে হবে তাকে। তার স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ মন্ত্রণালয়ে নতুন কাউকে মন্ত্রিসভায় যুক্ত করা হবে, নাকি বর্তমান কোনো মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে—দুই ধরনের সম্ভাবনাই আলোচনায় রয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হবে। এরপর সংবিধান ও সংশ্লিষ্ট নির্বাচনী বিধান অনুযায়ী সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় মির্জা ফখরুল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন। পরে ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন।

প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা

এবার রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় প্রায় ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নয়, সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন

রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল চারটা। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

প্রার্থিতা প্রত্যাহারের পর একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট সংসদের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।

সব মিলিয়ে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে যাওয়া এখন অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে তার পদত্যাগের পর বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ঠাকুরগাঁও-১ আসনে কে আসছেন—এখন রাজনৈতিক অঙ্গনে মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছে দেশ: আসিফ নজরুল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত ঢাবির ৯২ শিক্ষক
হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
মার্কিন রণতরীতে নাবিকদের আত্মহত্যাচেষ্টার হিড়িক
টেস্ট ইতিহাসের সেরা দিন পার করলো বাংলাদেশ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে তিন মনোনয়নপত্র জমা
রাষ্ট্রের দায়িত্বে অ্যানি; এলজিআরডিতে সালাহউদ্দিন!
মির্জা ফখরুলের বিদায়ে তিন পদে শূন্যতা, সম্ভাব্য উত্তরসূরি যারা
মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
পরিকল্পনার ব্যর্থতায় অন্ধকারে জ্বালানি খাত: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল আজ
গৃহকর্মীর প্রেমের বলি সাত্তার-সুরাইয়া দম্পতি
তুরস্কে প্রশিক্ষণের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত
লোডশেডিংয়ে জনরোষ, পুলিশের নিরাপত্তা চাইলো পল্লী বিদ্যুৎ সমিতি
বিএনপি জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী