বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিরোধী দলের নেতারা এমন ভাষায় বক্তব্য দিচ্ছেন, যা অতীতে আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিলো, সরকারকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেবে না। একই ধরনের ভাষা এখন বর্তমান বিরোধী দলের নেতাদের বক্তব্যেও দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়নের বিরোধী—এমন ধারণা সঠিক নয়। তার দাবি, ঐকমত্য কমিশন গণভোটের একটি প্রশ্ন চাপিয়ে দিয়েছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল। বিএনপি যেসব বিষয়ে একমত নয়, সেগুলো স্পষ্টভাবে জানিয়েছে। তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
বিরোধী দলের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, রাজপথে আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার। তবে সে আন্দোলন যেনো সংঘাতের দিকে না যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি সংশোধন কমিটি নাকি সংস্কার পরিষদ গঠন করা হবে—এ বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান বিরোধী দলের প্রতি।
গণতন্ত্রের কার্যকর চর্চায় শক্তিশালী বিরোধী দলের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ও কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা সরকারের সমালোচনা করবেন, বিরোধিতা করবেন এবং সরকারের ভুলগুলো তুলে ধরবেন। তবে সেগুলো যদি সংসদের ভেতরে হয়, তাহলে গণতান্ত্রিক পরিবেশ আরও সুদৃঢ় হবে।
সবার দেশ/কেএম




























