জুলাই সনদ বাস্তবায়নে শতভাগ অঙ্গীকার সরকারের
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ শতভাগ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান ঐক্য আরও সুদৃঢ় হবে। ফ্যাসিবাদবিরোধী অবস্থান ও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য বজায় রাখার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহদী আমিন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতাদের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা এবং তা ধরে রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ মতবিনিময়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মাহদী আমিন বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যে যে ঐক্য রয়েছে, তা আগামীতে আরও সুদৃঢ় হবে। সনদ বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় গুরুত্বপূর্ণ বলেও আলোচনায় উঠে আসে।
জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার বাস্তব প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে জুলাই জাতীয় সনদকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনা, মতবিনিময় এবং ঐকমত্য তৈরির উদ্যোগ অব্যাহত রয়েছে।
এর আগে সোমবার দুপুর ১টার দিকে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজনৈতিক ঐক্য, জাতীয় স্বার্থ, ফ্যাসিবাদবিরোধী অবস্থান এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির প্রতিনিধি দলের সদস্যরা। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন।
সরকার ও এনসিপির এই বৈঠককে জুলাই সনদ বাস্তবায়ন, রাজনৈতিক আস্থার পরিবেশ তৈরি এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে আরও সুসংহত করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে সনদের প্রতিটি বিষয় কীভাবে এবং কোন প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনের আগ্রহ এখনো অব্যাহত রয়েছে।
সবার দেশ/এমকেজে




























