জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ‘ব্ল্যাকমেইলের চেষ্টা’: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবের জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে চালানো সাম্প্রতিক হামলাকে ‘সুস্পষ্ট ব্ল্যাকমেইলের চেষ্টা’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, হামলার সময় নির্ধারণ ছিলো পরিকল্পিত এবং একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের সঙ্গে মিল রেখে তা করা হয়েছে। এর মাধ্যমে উপস্থিত প্রতিনিধিদের মধ্যে ভয় সৃষ্টি এবং একটি বার্তা দেয়া হয়েছে যে ইরান তাদের কর্মকাণ্ড থামাবে না।
তিনি আরও বলেন, আমার কাছে বিষয়টি পরিষ্কার—এ হামলার উদ্দেশ্য ছিলো চাপ সৃষ্টি করা। কিন্তু আমরা ভয় পাইনি।
আরও পড়ুন <<>> ফের হামলা হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি ধ্বংস করে দেবো: ইরান
পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ কড়া ভাষায় ইরানের সমালোচনা করে বলেন, এ ধরনের আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং এতে প্রমাণ হয় যে ইরান একটি দায়িত্বশীল বা বৈধ অংশীদার হিসেবে বিবেচিত হতে পারে না।
তার ভাষায়, ইরানের এমন কর্মকাণ্ডে যে সামান্য আস্থা অবশিষ্ট ছিলো, তাও এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এ মন্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও ইরান-এর মধ্যকার চলমান উত্তেজনা আরও একধাপ বেড়ে যাওয়ার ইঙ্গিত মিলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সবার দেশ/কেএম




























