মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেই প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিনেই কুয়ালালামপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের বিভিন্ন মতামত ও অভিজ্ঞতার কথা শোনেন।
রোববার (২১ জুন) রাত পৌনে ১১টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এ মতবিনিময় সভায় মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে তারা নিজেদের অভিজ্ঞতা, সমস্যা-সম্ভাবনা এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনজুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে রোববার বিকেল পৌনে ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান।
প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফর শেষে তিনি আগামী মঙ্গলবার দেশে ফিরবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সবার দেশ/কেএম




























