Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ১৮ অক্টোবর ২০২৬

১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা

১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা
ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে গোলের বন্যা বইয়ে দিচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে প্রথম ১১ ম্যাচেই ৪৮ গোল করেছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচপ্রতি গড়ে ৪.৩৬ গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোর মধ্যে গোল করার দিক থেকে সবার ওপরে রয়েছে কাতালানরা।

লা লিগায় প্রথম নয় ম্যাচে টানা জয় তুলে নিয়ে দুর্দান্ত সূচনা করেছে বার্সেলোনা। এ সময়ে প্রতিপক্ষের জালে ৩৯ বার বল পাঠিয়েছে দলটি। লামিনে ইয়ামাল, রাফিনিয়া ও সতীর্থদের আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষের রক্ষণভাগকে নিয়মিতই কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে।

সবশেষ শনিবার (১৭ অক্টোবর) রাতে রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়ে নিজেদের গোল করার সক্ষমতার আরেকটি প্রমাণ দিয়েছে বার্সেলোনা। বড় ব্যবধানে জয়ের ম্যাচে গোলের সূচনা করেন লামিনে ইয়ামাল। তবে দলের এমন দাপুটে পারফরম্যান্সেও সন্তুষ্টির চেয়ে শিরোপা জয়ের লক্ষ্যকেই বড় করে দেখছেন কোচ হ্যান্সি ফ্লিক।

ম্যাচ শেষে ফ্লিক বলেন, 

ভালো। তবে আমাদের লক্ষ্য ট্রফি। আমরা এর চেয়েও বড় কিছু জিততে চাই। ফুটবল তো সে জন্যই খেলি।

গোলের হিসাবে অনেক এগিয়ে বার্সেলোনা

শুধু ঘরোয়া লিগেই নয়, চ্যাম্পিয়নস লিগেও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছে বার্সেলোনা। ইউরোপীয় প্রতিযোগিতাটিতে দুই ম্যাচে করেছে নয় গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে ৪৮ গোল তাদের আক্রমণভাগের কার্যকারিতার চিত্র তুলে ধরছে।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে গোলসংখ্যায় বার্সেলোনার কাছাকাছি নেই অন্য কোনx দল। ১০ ম্যাচে ৩৬ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ। ১০ ম্যাচে ২৯ গোল করে যৌথভাবে পরের অবস্থানে রয়েছে ফ্রেইবুর্গ ও ব্রাইটন। আর ১১ ম্যাচে ২৮ গোল নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।

অর্থাৎ, দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের চেয়েও ১২ গোল বেশি করেছে বার্সেলোনা। মৌসুমের শুরুতে এমন গোলপ্রবাহ দলটির আক্রমণাত্মক শক্তির পাশাপাশি শিরোপা জয়ের সম্ভাবনাও সামনে এনেছে।

হাতছানি দিচ্ছে গোলের পুরোনো রেকর্ড

এভাবে গোল করতে থাকলে মৌসুম শেষে নতুন রেকর্ড গড়ার সুযোগ রয়েছে বার্সেলোনার সামনে। ইউরোপের বড় লিগগুলোর ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের উল্লেখযোগ্য নজির রয়েছে তুরিনোর। ১৯৪৭-৪৮ মৌসুমে দলটি লিগে ১২৫ গোল করেছিলো।

এরপর রিয়াল মাদ্রিদ ২০১১-১২ মৌসুমে ১২১ এবং ২০১৪-১৫ মৌসুমে ১১৮ গোল করে। বার্সেলোনার নিজেদেরও এক মৌসুমে লা লিগায় ১১৬ গোল করার কীর্তি রয়েছে, যা তারা গড়েছিলো ২০১৬-১৭ মৌসুমে।

সব প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে বার্সেলোনার সর্বোচ্চ গোলের রেকর্ড ১৯০। ২০১১-১২ মৌসুমে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সের সময় ৬৪ ম্যাচে এ গোলসংখ্যা অর্জন করেছিলো দলটি।

চলতি মৌসুমে মাত্র ১১ ম্যাচেই ৪৮ গোল করে সে রেকর্ডের পথে অনেকটা এগিয়ে গেছে ফ্লিকের শিষ্যরা। তবে মৌসুমজুড়ে এ ধারাবাহিকতা ধরে রাখা এবং শেষ পর্যন্ত শিরোপা জেতাই হবে বার্সেলোনার জন্য বড় পরীক্ষা।

গোল করার এমন ধারাবাহিকতা সমর্থকদের প্রত্যাশা বাড়ালেও কোচ ফ্লিকের কাছে শেষ পর্যন্ত সাফল্যের মাপকাঠি ট্রফি। এখন দেখার বিষয়, মৌসুমের শুরুতে গোলের যে ঝড় তুলেছে বার্সেলোনা, তা শেষ পর্যন্ত কতটা রেকর্ড ও শিরোপায় রূপ নেয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা