প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আমজনতার তারেক রহমান
জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যাচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) রাতে চার দিনের সরকারি সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে থাকার বিষয়টি সোশ্যাল মিডিয়ায নিজেই জানিয়েছেন আমজনতা দলের এ নেতা।
রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে করমর্দনরত অবস্থায় একটি হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। ছবির সঙ্গে দেয়া ক্যাপশনে তিনি লেখেন,
আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সরকারি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থানকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং জাপানি বিনিয়োগ আকর্ষণের বিষয়ে গুরুত্ব দেয়া হবে।
সফরে মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় কমানো এবং ঋণের সুদের হার হ্রাসের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটি সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা তাকে স্বাগত জানাবেন।
জাপান সফরকালে প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।
সবার দেশ/কেএম




























