Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৮, ২০ আগস্ট ২০২৬

প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির

প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
ছবি: সংগৃহীত

স্বামী তৌফিক নেওয়াজকে শেষবারের মতো দেখতে ও শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় বের হন তিনি। পরে প্রিজন ভ্যান ও পুলিশের নিরাপত্তাবেষ্টনীতে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। সকাল সাড়ে ৮টার দিকে তিনি ধানমন্ডির কলাবাগানে নিজ বাসভবনে পৌঁছান।

এর আগে দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান।

স্বামীর মৃত্যুর পর দীপু মনির প্যারোলে মুক্তির জন্য তার মেয়ে তানী দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম উদ্যোগ নেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা মুন্সিগঞ্জ জেলা কারাগার ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন।

এরপর দীপু মনিকে প্যারোলে মুক্তির অনুমতি দেয়া হয়।

১২ ঘণ্টার জন্য মুক্তি

জানা গেছে, দীপু মনির আইনজীবী প্রথমে চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন। পরে মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন।

মুন্সিগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. হাসেম রেজা বলেন, বুধবার সন্ধ্যার দিকে দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশনার কাগজ পাওয়া যায়। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বৃহস্পতিবার সকালে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

তিনি জানান, সকাল ৬টা ১০ মিনিটের দিকে দীপু মনি কারাগার থেকে বের হন। তার নিরাপত্তার জন্য পুলিশের দুটি গাড়ি ও একটি প্রিজন ভ্যান ব্যবহার করা হয়। নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশের ৩৮ জন সদস্য।

নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে তাকে আবার কারাগারে ফিরিয়ে আনার কথা রয়েছে।

পুলিশি পাহারায় ঢাকায় যাত্রা

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের আলো ফোটার পরপরই প্রিজন ভ্যান ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়িগুলো মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে। সব আনুষ্ঠানিকতা শেষে দীপু মনিকে পুলিশি পাহারায় কারাগার থেকে বের করে ঢাকার উদ্দেশে নেয়া হয়।

সকাল সাড়ে ৮টার দিকে তিনি রাজধানীর কলাবাগানে তার বাসভবনে পৌঁছান। সেখানে স্বামী তৌফিক নেওয়াজের লাশের কাছে গিয়ে শেষবারের মতো তাকে দেখার সুযোগ পান তিনি।

আজ জানাজা, বনানীতে দাফন

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, তৌফিক নেওয়াজের লাশ সকালে কলাবাগানের বাসভবনে নেয়া হয়। সেখানে পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা জানানোর পর লাশ গুলশানের আজাদ মসজিদে নেয়ার কথা রয়েছে।

সেখানে বাদ জোহর জানাজা ও দোয়া শেষে তৌফিক নেওয়াজকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হিসেবে দীপু মনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন।

দীর্ঘদিন ধরে তার স্বামী তৌফিক নেওয়াজ কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। স্বামীর অসুস্থতার সময় কারাগারের বাইরে গিয়ে তার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে দীপু মনি একাধিকবার আবেদন করেছিলেন বলেও জানা গেছে। তবে সে সময় তিনি অনুমতি পাননি।

আদালতে হাজিরার দিনগুলোতে অসুস্থ তৌফিক নেওয়াজ শয্যাশায়ী অবস্থায় স্ট্রেচারে করে এসে দীপু মনির সঙ্গে দেখা করতেন। স্বামীর মৃত্যুর পর শেষ বিদায়ের এ সুযোগকে ঘিরে তাই তৈরি হয়েছে এক আবেগঘন পরিস্থিতি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা