৯৯ বিচারককে একযোগে বদলি
দেশের অধস্তন আদালতের বিভিন্ন স্তরের ৯৯ বিচারককে একযোগে বদলি করা হয়েছে। বদলিকৃতদের মধ্যে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং সিভিল জজ রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব বদলির আদেশ দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বদলি হওয়া ৯৯ বিচারকের মধ্যে ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, ২ জন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সিনিয়র সিভিল জজ এবং ২ জন সিভিল জজ রয়েছেন।
বদলির আদেশে বিচারকদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
তবে যেসব বিচারক বর্তমানে প্রশিক্ষণ অথবা ছুটিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে আলাদা নির্দেশনা দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশিক্ষণ বা ছুটি শেষে তাদের সরাসরি নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
একযোগে ৯৯ বিচারকের এ বদলির ফলে দেশের অধস্তন আদালতের বিভিন্ন পর্যায়ে বিচারকদের কর্মস্থলে পরিবর্তন আসছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের ভিত্তিতেই এ প্রশাসনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে।
সবার দেশ/কেএম




























