মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও কর্মসংস্থানই অর্থনীতির বড় চ্যালেঞ্জ
মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি হয়েছে: অর্থমন্ত্রী
মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে জিডিপির অনুপাতে কর আদায় প্রয়োজনের তুলনায় কম হওয়া, ব্যাংক খাতে আস্থা ফেরানো, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোসহ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে দেশের অর্থনীতি যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকোনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে। অন্যদিকে জিডিপির অনুপাতে কর আদায় প্রয়োজনের তুলনায় কম। এ পরিস্থিতিতে ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনা এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, সরকারের অন্যতম অগ্রাধিকার হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্থিতি ফিরিয়ে আনা। একই সঙ্গে কর ব্যবস্থাকে ন্যায্য, সহজ ও প্রযুক্তিনির্ভর করা, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং বেসরকারি বিনিয়োগের পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় জনগণের অর্থের সর্বোচ্চ ফল নিশ্চিত করাও সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এক দিনে সব ঠিক হবে না, কিন্তু এ লক্ষ্যে আমরা অবিচল থাকবো।
বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রবৃদ্ধি মন্থর হয়ে এসেছে। গত দশকের তুলনায় অর্থায়নের খরচও বেড়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে সংরক্ষণবাদ ও শুল্ক-বাধা বাড়ছে। পাশাপাশি ভূরাজনৈতিক সংঘাতের কারণে জ্বালানি ও পরিবহন ব্যয় অস্থির রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবেও অর্থনৈতিক ক্ষতি বাড়ছে।
বাংলাদেশ আমদানিনির্ভর ও রফতানিমুখী অর্থনীতি হওয়ায় এসব বৈশ্বিক পরিবর্তনের প্রভাব দেশের অর্থনীতিতেও পড়ে বলে উল্লেখ করেন তিনি। এর প্রভাব পণ্যের দাম, টাকার বিনিময় হার এবং রফতানি আদেশের ওপর দেখা যায় বলেও জানান অর্থমন্ত্রী।
অর্থ মন্ত্রণালয়ের কাজের অনিশ্চয়তা তুলে ধরে আমির খসরু বলেন,
অর্থ মন্ত্রণালয়ে আমাদের প্রতিটি দিনই সারপ্রাইজ এলিমেন্টের দিন। বাজেট তৈরি হয় এক অনুমানের ওপর—তারপর আসে জ্বালানির দামের ধাক্কা, বৈদেশিক মুদ্রার চাপ, বন্যা, কিংবা বিশ্ববাজারের অনিশ্চয়তা।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকেও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন তিনি। উত্তরণের সময়সূচি যা-ই হোক, পরিবর্তিত বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের রফতানি খাতকে প্রস্তুত করতে হবে বলে জানান। শুধু বাণিজ্যসুবিধার ওপর নির্ভর না করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের ওপর জোর দেন তিনি।
নীতিনির্ধারণে অনিশ্চয়তার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, অসম্পূর্ণ তথ্য ও সীমিত সময়ের মধ্যেই জনগণের কাছে জবাবদিহি রেখে সিদ্ধান্ত নিতে হয়। এ কারণে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত ও যুক্তিনির্ভর সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা গুরুত্বপূর্ণ।
‘ইকোনথন ২০২৬’-এ অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, অনিশ্চয়তার মধ্যে পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়া, চাপের মধ্যে চিন্তা করা এবং যুক্তি দিয়ে নিজের অবস্থান তুলে ধরার সক্ষমতা ভবিষ্যৎ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সবার দেশ/কেএম




























