রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে: ড. খলিল
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে সমবেত রোহিঙ্গাদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় বিশ্ববাসীর প্রতি রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না। এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য নিরাপত্তা, বৈষম্য থেকে সুরক্ষা, অবাধ চলাচলের স্বাধীনতা এবং নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালত ঐতিহাসিক রায় দিয়েছেন। এ রায়ে রোহিঙ্গাদের নাম উল্লেখ করা হয়েছে এবং ২০১৭ সালে তাদের ওপর সংঘটিত ঘটনাবলির বিষয়ে আদালত গণহত্যার অভিযোগের প্রমাণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনা করেছেন।
আদালতের পর্যবেক্ষণ তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং রোহিঙ্গাদের গ্রাম ধ্বংসের প্রমাণ আদালতে উঠে এসেছে। এসব ঘটনায় অন্তত ১০ হাজার মানুষ হত্যার প্রমাণের কথাও আদালত উল্লেখ করেছেন। রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে এসব অপরাধ সংঘটিত হয়েছিলো বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।
রোহিঙ্গাদের জাতিগত পরিচয়ের গুরুত্ব তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। মিয়ানমারের সঙ্গে তাদের সম্পর্ক বহু প্রজন্মের। ফলে এ রায় শুধু ন্যায়বিচারের ক্ষেত্রেই নয়, রোহিঙ্গাদের পরিচয় ও ইতিহাসের স্বীকৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, কোনও আদালতের রায় নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে পারবে না কিংবা রোহিঙ্গাদের ওপর সংঘটিত সব নির্যাতনের ক্ষত মুছে দিতে পারবে না। তবে সত্যের স্বীকৃতি ন্যায়বিচারের সূচনা। এ রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগ, অভিজ্ঞতা ও সাক্ষ্য আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়েছে।
সমাবেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনতে উখিয়ার ওই ফুটবল মাঠে ২০ হাজারের বেশি রোহিঙ্গা সমবেত হন। এ সময় অনেকের হাতে নিজেদের অধিকার, ন্যায়বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর জাতিসংঘের শীর্ষ পর্যায়ের একজন প্রতিনিধির সামনে নিজেদের দুর্ভোগ ও প্রত্যাবাসনের দাবি তুলে ধরার সুযোগকে গুরুত্বের সঙ্গে দেখছেন রোহিঙ্গারা। নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার পাশাপাশি নাগরিকত্ব, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
সবার দেশ/এফও




























