পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোন এলাকায় কবে ভোট
দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে মে মাসের মধ্যে পাঁচ ধাপে এ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। এ লক্ষ্যে কোন ইউনিয়ন পরিষদে কোন তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপভিত্তিক নির্বাচনের এ সময়সূচি ও ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করা হয়।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ভোট হবে ১ হাজার ৬৯টি ইউনিয়ন পরিষদে। তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম তথা শেষ ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি এবং তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ভোট নেওয়া হবে। এরপর চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ মে। সবশেষ পঞ্চম ধাপের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মে।
পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে আগামী বছরের মে মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ধাপভিত্তিক এ নির্বাচনের তালিকা প্রকাশের ফলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর সম্ভাব্য ভোটের তারিখ সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। এতে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থী, রাজনৈতিক দল এবং ভোটারদের প্রস্তুতি নেয়ার সুযোগ তৈরি হবে।
সবার দেশ/কেএম




























