বেতন-ভাতা, সরকারি গাড়ি না নেয়ার ঘোষণা কৃষিমন্ত্রীর
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন ঘোষণা দিয়েছেন, তিনি মন্ত্রী হিসেবে সরকারি বেতন-ভাতা গ্রহণ করবেন না এবং সরকারি গাড়িও ব্যবহার করবেন না।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউস-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন,
মন্ত্রী হওয়ার পর থেকে আমি নিজের গাড়ি এবং নিজের টাকায় কেনা তেল ব্যবহার করছি। সরকারি গাড়ি ব্যবহার করি না, তেলের খরচও নিই না। যতো দিন মন্ত্রী থাকবো, ততো দিন সরকারি গাড়ি ব্যবহার করবো না। এ ছাড়া আমি সরকারি বেতন-ভাতা নেবো না।
মন্ত্রী বলেন, কুমিল্লায় প্রথম রফতানিমুখী কারখানা তিনিই স্থাপন করেছিলেন। স্থানীয়দের উৎসাহে জেলায় এক ধরনের শিল্প বিপ্লব ঘটেছে এবং বহু কারখানা গড়ে উঠেছে। এ অগ্রগতি অব্যাহত থাকবে,—জোর দিয়ে বলেন তিনি।
কৃষি প্রসঙ্গে তিনি স্মরণ করেন কৃষি উন্নয়নের পথিকৃৎ আখতার হামিদ খান-কে। তার উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ এখনও দেশ-বিদেশে সমাদৃত বলে উল্লেখ করেন মন্ত্রী। আমি নিজেও একজন কৃষক। জানি কীভাবে ধান ফলাতে হয়। কুমিল্লাসহ সারা দেশের কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো,—বলেন তিনি।
কৃষিতে কুমিল্লার ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি জানান, জেলার কৃষকদের ফসল সংরক্ষণের সুবিধা বাড়াতে হিমাগার নির্মাণের উদ্যোগ নেয়া হবে। এ ছাড়া ‘ট্যাংক ও ব্যাংকের নগরী’ হিসেবে কুমিল্লার ঐতিহ্য সমুন্নত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
সবার দেশ/কেএম




























