Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ১৬ জুন ২০২৬

কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ৫২ বাংলাদেশি

কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ৫২ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার (১৫ জুন) দুপুরে থাই এয়ারওয়েজের (TG-321) একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ নিয়ে গত তিন দিনে কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্রের কবল থেকে মুক্ত হয়ে মোট ১৪৩ বাংলাদেশি দেশে ফিরলেন।

ফেরত আসা বাংলাদেশিদের বিমানবন্দরে জরুরি সহায়তা প্রদান করেছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির সহযোগিতায় তাদের প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি বাড়ি ফিরে যাওয়ার জন্য আর্থিক সহায়তাও দেয়া হয়েছে।

ব্র্যাক জানায়, বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্রের মাধ্যমে তাদের কম্বোডিয়ায় পাঠানো হয়েছিলো। কিন্তু সেখানে পৌঁছানোর পর বাংলাদেশি দালাল চক্রের সদস্যরা অর্থের বিনিময়ে তাদের চীনা নাগরিকদের নিয়ন্ত্রিত বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ডে বিক্রি করে দেয়।

ফেরত আসা এক ভুক্তভোগী জানান, স্ক্যাম সেন্টারে কাজ করতে অস্বীকৃতি জানালে তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো। অনেককে টর্চার সেলে নিয়ে ইলেকট্রিক শক দেয়া হয়েছে। তিনি বলেন, আমাদের জোর করে প্রতারণার কাজে লাগানো হতো। কাজ না করলে মারধর ও ভয়ঙ্কর নির্যাতনের শিকার হতে হতো।

আরেক ভুক্তভোগীর অভিযোগ, কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশি দালাল আব্দুল আল মামুন অপু চাকরির প্রলোভন দেখিয়ে বহু বাংলাদেশিকে সেখানে নিয়ে গিয়ে স্ক্যাম সেন্টারে বিক্রি করেছেন। তার দাবি, এ ব্যক্তি দীর্ঘদিন ধরে কম্বোডিয়ায় বসবাস করছেন এবং কয়েক হাজার বাংলাদেশিকে একই কৌশলে প্রতারণার ফাঁদে ফেলেছেন।

ভুক্তভোগীরা জানান, এসব কম্পাউন্ডে তাদের ইচ্ছার বিরুদ্ধে অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করা হতো। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উন্নত দেশের নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত সাইবার জালিয়াতি কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য তাদের ওপর চাপ প্রয়োগ করা হতো। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো।

তাদের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি কম্বোডিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্ক্যাম সেন্টারবিরোধী অভিযান শুরু করলে চীনা পরিচালকদের অনেকেই পালিয়ে যায়। এরপর অভিযান চালিয়ে বিভিন্ন কম্পাউন্ড থেকে আটকে রাখা বিদেশিদের উদ্ধার করা হয়, যার মধ্যে বাংলাদেশিরাও ছিলেন।

এর আগে গত ১২ জুন কম্বোডিয়া থেকে ৩৭ জন এবং ১৩ জুন আরও ৫৪ জন বাংলাদেশি দেশে ফেরেন। এছাড়া চলতি বছরের ২২ জানুয়ারি মিয়ানমারের একটি সাইবার স্ক্যাম সেন্টার থেকে আটজন এবং ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর আরও ১৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।

ফেরত আসা ব্যক্তিদের অনেকেই জানিয়েছেন, চাকরির প্রলোভনে তাদের প্রথমে থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায় নেওয়া হয়। এরপর জোরপূর্বক মিয়ানমার বা কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ডে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নেয়া হয়, ফলে পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, কম্বোডিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ফলেই এসব বাংলাদেশিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিন দিনে ১৪৩ জনের দেশে ফিরে আসা প্রমাণ করে যে বিপুল সংখ্যক বাংলাদেশি এখনও এ ধরনের মানবপাচার ও সাইবার প্রতারণা চক্রের শিকার হচ্ছেন।

তিনি জানান, মঙ্গলবার আরও একটি দলের দেশে ফেরার কথা রয়েছে।

শরিফুল হাসান বলেন, সাইবার স্ক্যাম এখন মানবপাচারের ভয়াবহ একটি রূপ। ইতোমধ্যে ফেরত আসা একজন ভুক্তভোগী মানবপাচার ও অভিবাসন চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন। যেহেতু মামলা হয়েছে, তাই আইনশৃঙ্খলা বাহিনীর উচিত পুরো বিষয়টির গভীর তদন্ত করা এবং কারা এ চক্রের সঙ্গে জড়িত তা শনাক্ত করা।

ব্র্যাক আরও জানিয়েছে, কম্পিউটার অপারেটর, কলসেন্টার কর্মীসহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের চাকরির বিজ্ঞাপন দিয়ে ভুয়া ওয়েবসাইট, ই-মেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলা হয়। পরে তাদের স্ক্যাম সেন্টারে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অনলাইন প্রতারণার কাজে বাধ্য করা হয়।

এ কারণে সরকার ও ব্র্যাক বারবার থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম এবং কম্বোডিয়ায় চাকরির উদ্দেশ্যে যাওয়ার আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভোজিনিয়ার দেয়ালে আটকে গেলো স্পেন
ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা
দেশ-বিদেশে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের প্রস্তুতি
তেহরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবার খুলবে হরমুজ: ট্রাম্প
সরকারের তোষামোদি নয়, সত্য তুলে ধরুন: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী
কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ৫২ বাংলাদেশি
‘মিরাক্যালি’ ছেলেদের নামের সঙ্গে মিলেছে ইউনিয়নের নাম: শাহে আলম
শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার
চর দখল নিয়ে মেঘনা-তিতাসে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০
‘শাহে আলম’ রাজত্ব বগুড়ায়, প্রতিমন্ত্রীর পরিবারের নামে ৩ ইউনিয়ন
চার শিশুসহ ১২ জন তিন দিন ধরে শূন্যরেখায়
এডিবির ঋণে রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
এমপি মনিরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি আলেম সমাজের
নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
বেনজীর গ্রেফতার ইন্টারপোলের কৃতিত্ব, দেশের পুলিশের নয়: জামায়াত আমির
বেনজীরকে গ্রেফতার বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল