রেকর্ড গড়লেন লেভানডফস্কি-ইয়ামাল
সাত গোলের ঝড়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে এফসি বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে কাতালানরা। দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করে তারা।
ম্যাচে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া এবং পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।
প্রথম লেগে সেন্ট জেমস পার্কে ১-১ ড্র হওয়ায় ফিরতি লেগে শুরু থেকেই ছিলো উত্তেজনা। ম্যাচের প্রথমার্ধেই হয় পাঁচ গোল। বার্সার হয়ে রাফিনিয়া ও মার্ক বার্নাল গোল করলেও নিউক্যাসলের অ্যান্থনি এলাঙ্গা জোড়া গোল করে দুইবার সমতায় ফেরান দলকে। তবে বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তরুণ তারকা লামিনে ইয়ামাল।
দ্বিতীয়ার্ধে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। মাত্র ২১ মিনিটে আরও চার গোল করে ইংলিশ ক্লাবটিকে ছিটকে দেয় তারা। ৫১ মিনিটে ফারমিন লোপেজ গোল করার পর ৫৬ ও ৬১ মিনিটে জোড়া গোল করেন লেভানডফস্কি। এরপর ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৭-২ ব্যবধান নিশ্চিত করেন রাফিনিয়া।
এ ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন লেভানডফস্কি। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৪১টি ভিন্ন দলের বিপক্ষে গোল করার রেকর্ড এখন তার দখলে, যা ভেঙেছে লিওনেল মেসি-র আগের কীর্তি।
অন্যদিকে, তরুণ প্রতিভা লামিনে ইয়ামালও গড়েছেন নতুন রেকর্ড। তিনি টপকে গেছেন কিলিয়ান এমবাপ্পে-কে, হয়ে উঠেছেন চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে ১০ গোল করা ফুটবলার।
ইউরোপীয় প্রতিযোগিতায় বায়ার্ন মিউনিখের পর দ্বিতীয় দল হিসেবে নিউক্যাসলের জালে ৭ গোল দেয়ার কৃতিত্ব দেখালো বার্সেলোনা। ২০১১-১২ মৌসুমের পর নকআউট পর্বে এটিই তাদের সর্বোচ্চ গোলের ম্যাচ।
কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হবে আতলেতিকো মাদ্রিদ অথবা টটেনহাম হটস্পারের।
সবার দেশ/কেএম




























