Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ১৬ জুলাই ২০২৬

হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে

ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ

ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মৃত্যুদন্ডপ্রাপ্ত খুনের আসামি হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হবে এবং আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ‘ডিসেম্বর আত্মসমর্পণের মাস, ডিসেম্বরেই সবাই আত্মসমর্পণ করে।’

বুধবার (১৫ জুলাই) জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্‌ফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত ‘স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলো’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সম্প্রতি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি সাক্ষাৎকার দেখেছি, যেখানে তিনি বলেছেন ডিসেম্বরে দেশে আসবেন এবং আত্মসমর্পণ করবেন। আমরা জানি, ডিসেম্বর আত্মসমর্পণের মাস; ডিসেম্বরেই সবাই আত্মসমর্পণ করে। শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন কি না, কবে আসবেন—সেটা বাংলাদেশ সরকার নির্ধারণ করবে।

তিনি দাবি করেন, সরকারের পক্ষ থেকেও ইতোমধ্যে স্পষ্ট করে বলা হয়েছে, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনও সুযোগ নেই। নাহিদ ইসলামের ভাষ্য, তিনি দেশে আসবেন এবং আসা মাত্রই বিমানবন্দর থেকে গ্রেফতার হবেন। এরপর তার বিরুদ্ধে দেয়া আদালতের রায় কার্যকর করা হবে।

শেখ হাসিনার মামলার রায় নিয়ে বক্তব্য দিতে গিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, আদালতের রায় ঘোষণার পর আপিল করার জন্য ৩০ দিনের সময় ছিলো। কিন্তু ওই সময়ের মধ্যে শেখ হাসিনার পক্ষ থেকে কোনও আপিল করা হয়নি। ফলে এখন ওই রায়ের বিরুদ্ধে আপিলের আর কোনও সুযোগ নেই বলে তিনি দাবি করেন।

এ প্রসঙ্গে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যেরও উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের সময় একটি ‘নোক্তা’ বা আইনি ফাঁক রাখার চেষ্টা করেছেন। তবে তার মতে, আইন অনুযায়ী এখন আর আপিলের সুযোগ নেই।

আলোচনা সভায় ২০২৪ সালের ১৫ জুলাইয়ের ঘটনাবলির প্রসঙ্গও তুলে ধরেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি ওই দিনের হামলায় জড়িতদের তালিকা প্রকাশ এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি যেসব শিক্ষক ওই হামলাকে সমর্থন বা বৈধতা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপির শৃঙ্খলা বিভাগের প্রধান ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও ছাত্রসংগঠনের নেতারা।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করে। আলোচনা সভা শেষে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা