প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার ভিত্তিতে: বিরোধীদলীয় নেতা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনার মধ্যে সফরটি সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন। তবে সে সফর হতে হবে দুই দেশের সমমর্যাদা ও সমতার ভিত্তিতে। বাংলাদেশের মানুষ আর কোনও দেশের আধিপত্যবাদ মেনে নেবে না।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। দুই দেশের মধ্যে সম্পর্ক হবে সমতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে। বাংলাদেশের জনগণ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। সেই সম্পর্ক হতে হবে সমমর্যাদার, সমতার এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। কোনও দেশের প্রভাব বা আধিপত্য মেনে নেয়ার মানসিকতা বাংলাদেশের মানুষের নেই।
জামায়াতে ইসলামীর সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরে দলটির আমির বলেন, জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। মানুষের এ আস্থা অর্জনের জন্য সংগঠনটি দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে ইসলামের দাওয়াত, আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সংগঠনের প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছে, তা ধরে রাখতে মানুষের পাশে থাকতে হবে এবং তাদের কল্যাণে কাজ করতে হবে।
আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ভোট যেনো কেউ ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে। জনগণ যাতে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করার নির্দেশ দেন তিনি।
রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।
সবার দেশ/কেএম




























