নতুন অধ্যায়ে পা রাখলেন ইশরাক, কার সঙ্গে বাগদান?
রাজনীতির মঞ্চে বরাবরই আলোচনায় থাকা বিএনপি নেতা ইশরাক হোসেন এবার ব্যক্তিজীবন নিয়েও খবরের শিরোনামে। পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে তার বাগদান।
শুক্রবার (১০ অক্টোবর) তিনি আংটি পরিয়েছেন ব্যারিস্টার নুসরাত খানকে। শনিবার (১১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
নুসরাত খান টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে। বাগদানটি সম্পূর্ণ পারিবারিকভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানান ইশরাকের মা ইসমত হোসেন। তিনি বলেন, সবকিছু খুব হঠাৎই হয়েছে। ছেলেমেয়ের ভালো বোঝাপড়া দেখে আমরা পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি। সবাই ওদের জন্য দোয়া করবেন।
রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা ইশরাক হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র। ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্ম নেওয়া ইশরাকের শৈশব-কৈশোর কেটেছে ঢাকায়। রাজধানীর স্কলাস্টিকা স্কুলে ‘ও’ ও ‘এ’ লেভেল শেষ করে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
বিদেশে পড়াশোনা শেষে ২০১১ সালে দেশে ফেরার আগে তিনি যুক্তরাজ্যের বিভিন্ন মোটরগাড়ি সংস্থায় কাজের অভিজ্ঞতা অর্জন করেন। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপির রাজনীতিতে সক্রিয় মুখ।
রাজনীতির উত্তাপের মাঝেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন ইশরাক। দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে শিগগিরই। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের বাগদানের ছবি ছড়িয়ে পড়লে অভিনন্দনের বন্যা বয়ে যায়।
সবার দেশ/কেএম




























