কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডবে প্রাণ গেলো বৃদ্ধের
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চিৎমরম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম চাকুয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মংখ্যাইচিং মারমা চিৎমরম বড়পাড়ার মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে। স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার দিকে তিনি চাকুয়াপাড়া এলাকায় গেলে একটি বন্যহাতির মুখোমুখি হন। পরে হাতিটি শুঁড় দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, দুর্গম পাহাড়ি এলাকায় প্রায়ই বন্যহাতির বিচরণ দেখা যায়। এ কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি বলেন, হাতির আক্রমণে এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার বিষয়েও আলোচনা চলছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল দুর্গম হওয়ায় পুলিশ সেখানে পৌঁছে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।
পার্বত্য অঞ্চলে মানব-হাতি সংঘাত নতুন নয়। বনাঞ্চল সংকুচিত হওয়া, হাতির চলাচলের পথ দখল এবং বসতি সম্প্রসারণের কারণে এ ধরনের প্রাণঘাতী সংঘর্ষ ক্রমেই বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা দ্রুত কার্যকর প্রতিরোধ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
সবার দেশ/কেএম




























