ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে ফেরা হলোনা
নিষিদ্ধ আওয়ামী লীগের রাতের ভোটের এমপি মেরী মারা গেছেন
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর রোববার (২১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই মিনহাজ আল-ইসলাম। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন সেলিমা আহমাদ মেরী। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে লাইফ সাপোর্টে নেয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।
সেলিমা আহমাদ মেরী দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদ-এর সহধর্মিণী ছিলেন। ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রেও তিনি পরিচিত মুখ ছিলেন।
তিনি নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ ওমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনীতির পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন সেলিমা আহমাদ মেরী। তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ২০১৮ সালে রাতের ভোটে নিষিদ্ধ আওয়ামী লীগের এমপি হন।
তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সহকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
সবার দেশ/কেএম




























