প্রশ্ন তুললেন টিভি চ্যানেলের ভূমিকা নিয়ে
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
‘১১ ঘণ্টা ভিডিওটি পেজে ছিলো, শুধু হ্যাকের দাবি করলেই দায় শেষ হয় না’—ফেসবুক লাইভে অভিনেত্রী।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি দুই তারকার বিকৃত ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চ্যানেলটির ভূমিকা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
গতকাল রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লাইভে এসে পরীমনি সোশ্যাল মিডিয়ায় ভুয়া ও আপত্তিকর কনটেন্ট ছড়ানোর প্রবণতা নিয়ে কথা বলেন। একই সঙ্গে পেজ হ্যাক হওয়ার দাবি তুলে শুধু দুঃখপ্রকাশ করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায় শেষ হয়ে যায় কি না, সে প্রশ্নও তোলেন অভিনেত্রী।
‘১১ ঘণ্টা পেজে ভিডিওটি ছিলো’
পরীমনির অভিযোগ, প্রভাবশালী একটি গণমাধ্যমের অফিশিয়াল প্ল্যাটফর্মে ভিডিওটি দীর্ঘ সময় ধরে থাকার বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা যায় না। লাইভে তিনি বলেন, ভিডিওটি টানা ১১ ঘণ্টা পেজে ছিলো। এত সময়েও পেজটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়া বা প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি কেনো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
পরীমনির ভাষ্য, পেজ হ্যাক হওয়ার দাবি করলেই এ ধরনের ঘটনার দায় এড়ানো যায় না। এমন পরিস্থিতিতে যে কেউ নিজের সোশ্যাল মিডিয়ায় পেজ হ্যাক হওয়ার দাবি করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
ভুয়া ভিডিও ছড়ানো নিয়ে হতাশা
সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের একাংশের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। তার মতে, অনেকেই ভিডিওটি ভুয়া বুঝে এড়িয়ে গেলেও কেউ কেউ সেটিকে আলোচনার বিষয় বানিয়েছেন। এমনকি বিভিন্ন অপ্রাসঙ্গিক পোস্টের মন্তব্যের ঘরেও ভিডিওটির লিংক খোঁজা ও ছড়িয়ে দেয়ার প্রবণতা তাকে হতাশ করেছে।
কটূক্তিকারীদের উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্য করে পরীমনি বলেন,
তোমরা যখন এ ভুয়া ভিডিও নিয়ে এতটা উন্মাদনায় মেতেছিলে, তখন আমার ইচ্ছা হচ্ছিলো নিজেই একটা খোলামেলা ফটোশুট করে ফেলি।
লাইভ মুছে দিয়ে সকালে সংক্ষিপ্ত স্ট্যাটাস
দীর্ঘ সময় ধরে কথা বলার পর পরীমনি নিজের ফেসবুক পেজ থেকে লাইভ ভিডিওটি সরিয়ে নেন। পরে আজ সকালে এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লেখেন, ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।
তবে লাইভ ভিডিওটি সরিয়ে নেয়ার কারণ সম্পর্কে স্ট্যাটাসে বিস্তারিত কিছু জানাননি তিনি।
উল্লেখ্য, পরীমনি সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব চলচ্চিত্র ‘সেপারেশন’-এর কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।
সবার দেশ/এমকেজে




























