কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে সংবাদ উপস্থাপক ও টকশো সঞ্চালক কাজী জেসিনের নিয়োগের প্রজ্ঞাপনে থাকা আইনি ত্রুটি সংশোধন করতে যাচ্ছে সরকার। নিয়োগের প্রজ্ঞাপনে এমন একটি আইনের উল্লেখ করা হয়েছে, যা জাতীয় সংসদে পাস হলেও এখনও কার্যকর হয়নি। বিষয়টি সামনে আসার পর প্রজ্ঞাপনটি সংশোধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রজ্ঞাপনে আইনি ত্রুটি থাকলেও কাজী জেসিনের নিয়োগ বাতিল হচ্ছে না। তিনি বিটিভির মহাপরিচালক পদে বহাল থাকবেন। শুধু নিয়োগের প্রজ্ঞাপনটি সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে।
গত বৃহস্পতিবার কাজী জেসিনকে বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে তার নিয়োগের ক্ষেত্রে ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন-২০০১’-এর উল্লেখ করা হয়। এরপরই আইনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে।
সংশ্লিষ্টরা জানান, ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন-২০০১’ জাতীয় সংসদে পাস হলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। ফলে ওই আইনের ভিত্তিতে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা নিয়ে আইনি প্রশ্ন তৈরি হয়েছে।
বিটিভির ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির বিভিন্ন আইন, বিধি ও প্রবিধানসংক্রান্ত অন্তত ২২টি দলিল রয়েছে। তবে সেখানে ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন-২০০১’ কার্যকর হওয়ার কোনও তথ্য পাওয়া যায় না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিটিভিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে আইনটি জাতীয় সংসদে পাস করা হয়েছিলো। তবে আইনটি কার্যকর করার জন্য সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির প্রয়োজন ছিল।
আইনে বলা হয়েছে, ‘সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সে তারিখে এ আইন বলবৎ হইবে।
কিন্তু জাতীয় সংসদে আইনটি পাস হওয়ার পর প্রায় ২৫ বছর পার হলেও কোনো সরকারই এটি কার্যকর করার জন্য গেজেট প্রজ্ঞাপন জারি করেনি। ফলে আইনটি সংসদে পাস হলেও এখনও বাস্তবে বলবৎ হয়নি।
এ অবস্থায় ওই আইনের উল্লেখ করে কাজী জেসিনকে বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ দেয়ার বিষয়টি সামনে আসার পর প্রজ্ঞাপন সংশোধনের উদ্যোগ নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রজ্ঞাপন সংশোধনের জন্য নতুন করে অনুমোদনের প্রয়োজন হবে না। একই স্মারক নম্বরের অধীনে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে আগের প্রজ্ঞাপনটি প্রতিস্থাপন করা হবে।
তবে প্রজ্ঞাপনে থাকা আইনি ত্রুটি সংশোধন হলেও কাজী জেসিনের নিয়োগে কোনও পরিবর্তন আসবে না। তিনি বিটিভির মহাপরিচালক পদে বহাল থাকবেন বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
অর্থাৎ, নিয়োগের সিদ্ধান্ত অপরিবর্তিত রেখে শুধু নিয়োগের আইনি ভিত্তি হিসেবে উল্লেখ করা ভুল আইনটি সংশোধন করে প্রজ্ঞাপনটি পুনরায় জারি করা হবে।
সবার দেশ/কেএম




























