Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:১২, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:১৮, ২৫ জানুয়ারি ২০২৬

মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত

সাফ উইমেন’স ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ উইমেন’স ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
মালদ্বীপকে উড়িয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা জিতলো বাংলাদেশ। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। রোববার (২৫ জানুয়ারি) রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল-সবুজের মেয়েরা।

ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে মালদ্বীপ এগিয়ে গেলেও খুব দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সাবিনা খাতুন ও মাসুরা পারভীনের নেতৃত্বে আক্রমণাত্মক ফুটসাল প্রদর্শন করে প্রতিপক্ষকে কার্যত ম্যাচ থেকেই ছিটকে দেয় বাংলাদেশ দল।

এ জয়ের ফলে ছয় ম্যাচে পাঁচটি জয় ও একটি ড্রয়ে মোট ১৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে শিরোপা জেতে বাংলাদেশ। শেষ ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিলো, তবে কোনও হিসাব-নিকাশে না গিয়ে বড় জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে সাবিনারা।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ৯-১ গোলের দাপুটে জয় বাংলাদেশের শিরোপা জয়ের পথ অনেকটাই পরিষ্কার করে দিয়েছিলো। সে ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুন একাই চারটি গোল করেন। এছাড়া নুসরাত জাহান দুটি গোল করেন এবং কৃষ্ণা রানী সরকারও স্কোরশিটে নাম লেখান। প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

পুরো টুর্নামেন্টজুড়েই আধিপত্য দেখিয়েছে সাইদ খোদরহমির শিষ্যরা। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে শুরু করে বাংলাদেশ। এরপর ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হলেও পরবর্তী ম্যাচগুলোতে আর পেছনে তাকাতে হয়নি। নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে একচ্ছত্র প্রভাব বিস্তার করে দলটি।

পাকিস্তানের বিপক্ষে বড় জয়ের পরই সাত দলের টেবিলে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যায় বাংলাদেশ, যা মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচে আত্মবিশ্বাসের বড় জোগান দেয়।

এ সাফল্যের মাধ্যমে ভারত ও ভুটানের মতো প্রতিপক্ষকে পেছনে ফেলে দক্ষিণ এশিয়ার নারী ফুটসালে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করলো বাংলাদেশ। ফুটসালের নতুন ফরম্যাটে এমন দাপুটে পারফরম্যান্স এসেছে এমন এক সময়ে, যখন বাংলাদেশ নারী ফুটবল দল ইতোমধ্যেই সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে।

পুরো টুর্নামেন্টে অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্ব, গোল করার ক্ষুধা এবং মাঠে দলকে একসূত্রে বেঁধে রাখার ক্ষমতাই ছিলো বাংলাদেশের সাফল্যের মূল ভিত্তি। অপরাজিত থেকে দক্ষিণ এশিয়ার প্রথম নারী ফুটসাল শিরোপা জয় দেশের নারী ফুটবলের ইতিহাসে যুক্ত করলো আরেকটি স্মরণীয় অধ্যায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার