টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, অধিনায়ক জাকের
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে মাঠে নামতে পারেননি। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী অনিক।
ভারতের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন এনেছে টাইগাররা। লিটনের জায়গায় ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। এছাড়া দলে ফিরেছেন তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন ও রিশাদ হোসেন।
বাংলাদেশ একাদশে ব্যাটিং লাইনআপে রয়েছেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় ও অধিনায়ক জাকের আলী অনিক। মিডল অর্ডারে আছেন শামীম হোসেন ও রিশাদ হোসেন। স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন নাসুম আহমেদ, আর পেস আক্রমণে থাকছেন তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
ভারতের বিপক্ষে এ ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণী লড়াই হয়ে দাঁড়িয়েছে। তাই অধিনায়ক জাকের আলীর নেতৃত্বে তরুণদের পারফরম্যান্সে ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।
সবার দেশ/এফও




























