শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে হাতকড়া পরিয়ে, অন্যথায় তাকে কঠোর নজরদারিতে রেখে প্রত্যর্পণের ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন,
সে আসবে না ডিসেম্বরে। ডিসেম্বরে হয়ে যাবে হাসিনা আসবে না। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে হাতকড়া পরিয়ে দেশে আনা হবে, না হয় কড়া নজরদারিতে।
শেখ হাসিনাকে নিয়ে ভারতও অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তার ভাষ্য, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার পর দেশটির জন্য নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। তার কর্মকাণ্ড ও বক্তব্যের কারণে ভারতও পরিস্থিতির চ্যালেঞ্জ অনুভব করছে।
এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে নিয়ে কী করা হবে, তা নিয়ে ভারতও বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে। একজন ব্যক্তিকে আশ্রয় দেয়ার পর তার কর্মকাণ্ড যদি আশ্রয়দাতা দেশের জন্য অস্বস্তি ও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেটি বড় সমস্যা হয়ে ওঠে।
পরিস্থিতি বোঝাতে গিয়ে তিনি উদাহরণ দিয়ে বলেন, কাউকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানোর পর যদি দেখা যায়, ওই ব্যক্তি সেখানে এমন আচরণ করছেন এবং উল্টাপাল্টা কথা বলছেন যে তাকে বের করাও যাচ্ছে না, আবার তার আচরণ সহ্য করাও কঠিন হয়ে পড়ছে, তাহলে সেটি বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে।
শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এ বিষয়ে তার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে বাংলাদেশ সরকার তার অবস্থান থেকে সরে আসেনি। তবে প্রত্যর্পণ প্রক্রিয়ার অগ্রগতি, ভারতের আনুষ্ঠানিক অবস্থান এবং এ বিষয়ে দুই দেশের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের বিষয়টি এখনও স্পষ্ট হয়নি।
সবার দেশ/কেএম




























