Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৮, ২৮ আগস্ট ২০২৬

সংসদে তোপের মুখে বক্তব্য উইথড্র করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে তোপের মুখে বক্তব্য উইথড্র করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে জাতীয় সংসদে বিরোধীদলীয় সদস্যদের তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার একটি মন্তব্যকে কেন্দ্র করে বিরোধীদলীয় সদস্যরা হইচই শুরু করলে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বারবার সদস্যদের নিজ নিজ আসনে বসে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শোনার অনুরোধ করলেও পরিস্থিতি শান্ত করতে সময় লাগে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্পূরক প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।

দিনে-দুপুরে ছিনতাই, এমপিদের ওপর হামলার অভিযোগ

সম্পূরক প্রশ্নে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশে দিনে-দুপুরে অস্ত্রের ব্যবহার করে ছিনতাই ও রাহাজানি হচ্ছে। এমনকি নির্বাচিত সংসদ সদস্যদের ওপরও হামলার ঘটনা ঘটছে।

তিনি অভিযোগ করেন, সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হলেও আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। বরং বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে ছিনতাই-রাহাজানি এবং সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনায় সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেয়া হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।

‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়’

জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শাহবাগে গিয়ে বক্তৃতা, আর পার্লামেন্টে বক্তৃতা এক কথা নয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পরই বিরোধীদলীয় সদস্যরা প্রতিবাদ ও হইচই শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কাউকে উদ্দেশ করে কথাটি বলেননি।

তিনি বলেন, 

আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি। আমি তো আপনারা কথা বলার সময় কথা বলিনি! মাননীয় স্পিকার, আমি আপনার শেল্টার চাচ্ছি।

এ সময় স্পিকার সদস্যদের শান্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শোনার আহ্বান জানান। তবে এরপরও কিছু সময় সংসদে হইচই চলতে থাকে।

একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইয়েস, আই উইথড্র! ঠিক আছে?’

বারবার সদস্যদের বসার অনুরোধ স্পিকারের

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বারবার সংসদ সদস্যদের নিজ নিজ আসনে বসার অনুরোধ জানান।

তিনি বলেন, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে বসুন। অনুগ্রহ করে নিজ নিজ আসনে বসুন। কথা বলার তো অনেক সুযোগ আপনাদের দিচ্ছি। এভাবে ঢালাও না বলে মাইকে বললে তো সবাই শুনতে পায়। আপনাদের সুযোগ দেয়া হবে। যখন সুযোগ পাবেন, মাইকে বলবেন।

স্পিকার আরও বলেন, বিরোধীদলের চিফ হুইপ ও সামনের সারির সদস্যরা যখন বক্তব্য দিচ্ছেন, তখন পেছনের সারি থেকে সদস্যদের কথা না বলে তাদের বক্তব্য শোনার চেষ্টা করা উচিত।

তিনি বলেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। প্রচুর সুযোগ আছে আপনাদের জন্য। এ সংসদে বক্তব্য দেয়ার প্রচুর সুযোগ আছে।

সদস্যদের শান্ত করার চেষ্টা করে স্পিকার বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এটা তো আওয়ামী লীগের আমল না। এখানে আপনারা ইচ্ছামতো সরকারকে ক্রিটিসাইজ করতে পারছেন।

‘এটা সংসদীয় কাজ নয়’

এরপরও হইচই চলতে থাকলে স্পিকার বলেন, বসুন, প্লিজ অপেক্ষা করুন। আপনাদের স্পিকারের আসন থেকে বারবার অনুরোধ করা হচ্ছে, অনুগ্রহ করে বসুন।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর বিরোধীদলীয় সদস্যদের কথা বলার সুযোগ দেয়া হবে। মন্ত্রীর উত্তর না শুনে এভাবে প্রতিবাদ করা সংসদীয় কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

স্পিকার বলেন, কিন্তু এ যে স্পিকারের কথা বলার সময় যে জোশটা আপনারা দেখাচ্ছেন, এটা সংসদীয় কাজ নয়। সংসদে সংসদের রীতিনীতি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করছি।

আগে স্বরাষ্ট্রমন্ত্রী, পরে বিরোধীদলীয় নেতা

হইচইয়ের মধ্যেই স্পিকার স্পষ্ট করে দেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে তার বক্তব্য শেষ করার সুযোগ দিতে হবে। এরপর বিরোধীদলীয় নেতা বক্তব্য দেয়ার সুযোগ পাবেন।

তিনি বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেবেন, তারপর আমি বিরোধীদলের নেতাকে দেবো। আপনি বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বক্তব্য দেন। তারপর আপনি বলবেন। বিরোধীদলের নেতা, অপেক্ষা করুন—তার বক্তব্যটা শেষ করুন। তারপর আপনি বলবেন। আপনাকে ফ্লোর দেবো।

স্পিকার আরও বলেন, প্রশ্নোত্তরের সময় একজন মন্ত্রীকে যদি উত্তর দিতেই আপনারা না দেন, উত্তর উনি দিন। তারপরে যদি উত্তর পছন্দ না হয়, আমি বিরোধীদলের নেতাকে মাইক দেবো।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে স্পিকার বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন। সংক্ষেপে প্রশ্নের উত্তর দিন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আপনার দিকেই তাকিয়ে কথা বলি।

তিনি বলেন, তার ব্যবহৃত শব্দ নিয়ে সদস্যদের আপত্তি থাকলে তিনি তার জবাব দিতে পারবেন। কথা বলার সুযোগ না দিলে বাকস্বাধীনতা নিয়েও প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন তিনি।

‘সম্পূরক প্রশ্নও স্পেসিফিক করতে হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে প্রশ্ন যেমন নির্দিষ্ট হতে হয়, সম্পূরক প্রশ্নও তেমন সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন।

তিনি বলেন, মাননীয় স্পিকার, আমাদের এখানে প্রশ্ন যেমন স্পেসিফিক করতে হয়, এ সংসদে সম্পূরক প্রশ্নও একই রকম করতে হবে। আমি যদি কথা বলতে না পারলাম, এটাই যদি ডেমোক্রেসি হয়।

এ সময় স্পিকার তাকে প্রশ্নের উত্তর দেয়ার আহ্বান জানান এবং সদস্যদেরও কিছু সময় ধৈর্য ধরতে বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তখন অভিযোগের জবাব দিতে গিয়ে বলেন, কোনও সংসদ সদস্যের মামলায় আসামি গ্রেফতার হয়নি—এমন অভিযোগ করলে তার সুনির্দিষ্ট তথ্য দিতে হবে। কোথায় ছিনতাই হয়েছে, কোন ঘটনায় আসামি গ্রেফতার হয়নি—এসব বিষয়ও স্পষ্টভাবে জানানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শুধু হাওয়াইভাবে যদি বলা হয়, এ সব হচ্ছে, প্রতিকার কী—বিরোধী এমপির ওপর হামলা হচ্ছে, প্রতিকার কী—স্পেসিফিক কোয়েশ্চেন করতে হবে।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেজন্য বলছি, এটা মহান জাতীয় সংসদ। বাইরের বক্তৃতা এখানে চলবে না।

শেষে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শেষ হলে স্পিকার তাকে ধন্যবাদ জানান। এরপর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে বক্তব্য দেয়ার জন্য ফ্লোর দেয়া হয়।

বিরোধীদলীয় নেতা বক্তব্য শুরু করার পর সংসদে চলতে থাকা হইচই ও উত্তপ্ত পরিস্থিতির অবসান ঘটে। পরে অধিবেশনের কার্যক্রম স্বাভাবিকভাবে এগিয়ে যায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২৫ টাকা ইউনিটের বিদ্যুতে মিলবে সাত সুবিধা
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে ৩ বিল
নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি
সংসদে তোপের মুখে বক্তব্য উইথড্র করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সিংহাসনফেরত বিধ্বংসী ইনিংস খেললেন পোলার্ড
মক্কায় গিয়ে তরুণদের যে বার্তা দিলেন রাখি সাওয়ন্ত
বাসসের এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী
নেপালে মৃত্যু ছাড়ালো ৩৯০, নিখোঁজ ১৪০০
ফ্রি হেলথ ক্যাম্পে ২০০ সদস্যকে সেবা দিলো সিজেএফডি
সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই চারজনকে হত্যা
আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন
হড়পা বান ও ভূমিধসে নেপালে নিহত ২৮৯, নিখোঁজ ৮২৬