বাংলাদেশ ব্যাংকের আপত্তি
থেমে গেলো মেঘনা গ্রুপের ৮০ মিলিয়ন ডলারের আইএফসি ঋণ
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) থেকে ৮০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সুবিধা পাচ্ছে না মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। চারটি জাহাজ কেনার জন্য নেয়া এ ঋণ প্রস্তাবের বিপরীতে অনাপত্তিপত্র (এনওসি) দিতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মধুমতি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে এনওসির আবেদন করা হয়েছিলো। তবে বৈদেশিক ঋণ পরিশোধের ঝুঁকি বিবেচনায় আবেদনটি নাকচ করা হয়েছে।
এ বিষয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল অভিযোগ করেন, কোনও সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করেই তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তার দাবি, আইএফসি ঋণ পেতে প্রয়োজনীয় সব শর্তই পূরণ করা হয়েছিলো এবং চারটি জাহাজ কেনার জন্য ৮০ মিলিয়ন ডলারের অনুমোদনও পাওয়া গিয়েছিলো।
তিনি বলেন, প্রতিষ্ঠানটির বৈদেশিক মুদ্রা আয়ের সক্ষমতা রয়েছে এবং ঋণ পরিশোধে কোনও ধরনের ঝুঁকি থাকার কথা নয়। তবুও শেষ পর্যন্ত অনুমোদন দেয়া হয়নি বলে তিনি দাবি করেন।
এদিকে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) আওতাভুক্ত হওয়ায় বৈদেশিক ঋণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের এনওসি বাধ্যতামূলক। সে প্রক্রিয়ায় ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতেই আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বৈদেশিক ঋণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত সতর্ক অবস্থানে থাকে। কারণ এ ধরনের ঋণ পরিশোধে ব্যর্থ হলে তার চাপ সামগ্রিক অর্থনীতির ওপর পড়তে পারে।
তিনি আরও বলেন, যেসব প্রকল্প থেকে বৈদেশিক মুদ্রা আয় হয় না, সেগুলোর ক্ষেত্রে ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে ঝুঁকি তৈরি হয়। এ কারণে সব প্রস্তাব নিয়মিতভাবে গভীর পর্যালোচনা করা হয় এবং সব ক্ষেত্রে অনুমোদন দেয়া হয় না।
মেঘনা গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী। প্রতিষ্ঠানটির নিজস্ব ১১০টি জাহাজসহ মোট ১৪৫টি জাহাজ রয়েছে বলে জানা যায়।
সবার দেশ/কেএম




























