Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১২, ৫ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস

বিশ্ববাজারে তেলের দামে ফের পতন

বিশ্ববাজারে তেলের দামে ফের পতন
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ার ইঙ্গিত মিলতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে পতন হয়েছে। লেবাননে সামরিক আগ্রাসন বন্ধে ইসরাইল সম্মত হয়েছে—এমন খবরে বাজারে সরবরাহ ঝুঁকি কমার প্রত্যাশা তৈরি হয়, যার প্রভাবে তেলের দাম কমে যায়।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার ব্যারেলপ্রতি ১.১৪ ডলার বা ১.২ শতাংশ কমে দাঁড়ায় ৯৬.৬৭ ডলারে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ৯০ সেন্ট বা ০.৯ শতাংশ কমে ৯৫.১২ ডলারে লেনদেন হয়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার কারণে এর আগের দিনে এ দুই ধরনের তেলের দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিলো। তবে সাম্প্রতিক যুদ্ধবিরতি ইঙ্গিত বাজারে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।

পিভিএম অয়েল অ্যানালিস্ট জন ইভান্স বলেন, ইরান লেবাননে ইসরাইলের সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়েছে, যা মূলত হিজবুল্লাহর ওপর হামলা বন্ধের আহ্বানের ইঙ্গিত দেয়। এ ধরনের ভূরাজনৈতিক সংকেতই তেলের বাজারে ওঠানামার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়—তাই বাজারে সতর্ক মনোভাব বজায় রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ: