Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৩, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ০১:১৫, ২১ নভেম্বর ২০২৬

টার্গেট ২০২৭ সাল

ব্যাংকের ৫৫ শতাংশ রিটেইল ও এসএমই খাতে বিনিয়োগ বাদধ্যতামূলক: গভর্নর

ব্যাংকের ৫৫ শতাংশ রিটেইল ও এসএমই খাতে বিনিয়োগ বাদধ্যতামূলক: গভর্নর
ছবি: সংগৃহীত

২০২৭ সালের মধ্যে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিনিয়োগের ৫৫ শতাংশ রিটেইল ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে রাখার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এর মধ্যে ২০ শতাংশ রিটেইল এবং ৩৫ শতাংশ এসএমই খাতে বিনিয়োগ করতে হবে। একই সময়ে করপোরেট খাতে ব্যাংকগুলোর বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

এ ছাড়া ভবিষ্যতে করপোরেট খাতের বিনিয়োগের অর্থ পুঁজিবাজার থেকে সংগ্রহের ওপর জোর দিয়েছেন গভর্নর।

শুক্রবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, গবেষক, চিন্তাবিদ ও ব্যাংকাররা অংশ নেন।

গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজারে পণ্যের সরবরাহব্যবস্থা ত্বরান্বিত করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চলতি অর্থবছরের মধ্যেই এ প্যাকেজের অর্থ বিনিয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, মুদ্রানীতিকে অধিকতর কার্যকর ও সময়োপযোগী করতে সংসদীয় স্থায়ী কমিটির পরামর্শক্রমে ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ।

অনুষ্ঠানে মুদ্রানীতি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মুদ্রানীতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার। তিনি মুদ্রানীতির ধারণা, প্রণয়নপ্রক্রিয়া, বিভিন্ন উপকরণ ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরেন।

সভায় অংশীজনেরা মুদ্রানীতির বিভিন্ন দিক নিয়ে মতামত, পরামর্শ ও প্রশ্ন তুলে ধরেন। গভর্নর তাদের বক্তব্য শোনেন, পরামর্শ নথিভুক্ত করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

মতবিনিময় সভায় বিজিএমইএর সহসভাপতি সেলিম রহমান বলেন, ব্যবসায়ীরা উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপ সামাল দিতে পারলেও অনিশ্চয়তা মোকাবিলা করা কঠিন হয়ে পড়ছে। গত কয়েক বছরে করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মার্কিন-ইরান যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এতে শিল্পকারখানার উৎপাদন ব্যয় ব্যাপকভাবে বেড়েছে।

চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ ক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের মতো দেশের মুদ্রার বিনিময় হার ব্যবস্থাপনা অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি এএম মাহবুব চৌধুরীর এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, অপ্রত্যাবাসিত রফতানি আয় এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কাজে লাগানো হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তির সম্পদের সন্ধান পাওয়া গেছে এবং সেসব সম্পদ জব্দ করা হয়েছে। এগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

সভায় ব্যবসায়ীরা পণ্যের উৎপাদন ব্যয় কমাতে ঋণের সুদের হার কমানোর পরামর্শ দেন। তাদের মতে, ঋণের খরচ কমানো গেলে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর ব্যয়ের চাপ কিছুটা কমানো সম্ভব হবে।

সভায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক (প্রশাসন) স্বরূপ কুমার চৌধুরী, পরিচালক (বৈদেশিক মুদ্রা ও এসএমই) মাহবুবুল আলম, পরিচালক (পরিদর্শন) মো. নুরুল আলম এবং পরিচালক (ব্যাংকিং) ইয়াসমিন রহমান বুলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, বিকেএমইএর সহসভাপতি গাওহার সিরাজ জামিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ তাছলিম উদ্দীন, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দীন এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা সভায় অংশ নেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন
তওবার পরিবর্তে আগুনসন্ত্রাসের পথ বেছে নিয়েছে আ.লীগ: মঞ্জু
অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির সহায়তা চাইলো যুক্তরাষ্ট্র
ব্যাংকের ৫৫ শতাংশ রিটেইল ও এসএমই খাতে বিনিয়োগ বাদধ্যতামূলক: গভর্নর
সন্ত্রাসীদের হাতকড়া পরিয়ে আনা হয়, পাসপোর্ট লাগে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
টানা বৃষ্টিতে পানির নিচে ঝিকরগাছার রোপা আমন ও সবজিক্ষেত
ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে আশ্রয় যুবলীগ নেতার
স্বর্ণের দামে আট মাসের সর্বোচ্চ পতন
ক্ষমতা হারালেই কারাগারের ঝুঁকি নেতানিয়াহুর, উত্তপ্ত ইসরায়েলের রাজনীতি
মেঘনায় এনসিপির সাংগঠনিক যাত্রা জোরদারের অঙ্গীকার
গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান
চাঁদা না দেয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা
রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে: ড. খলিল