স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ ৪ ছাত্রী, উৎকণ্ঠায় পরিবার
পটুয়াখালির বাউফল উপজেলায় স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে চার কিশোরী। ঘটনার প্রায় ৩৩ ঘণ্টা পার হলেও তাদের কোনও সন্ধান না মেলায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবারগুলো।
রোববার (১০ মে) উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন থেকে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের সদস্যরা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজদের মধ্যে রয়েছে নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় এর সপ্তম শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার (১২) ও ইসমত জেরিন (১২)। একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার রায়সা (১৩) এবং অপর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী আয়েশা আক্তারও (১৫) নিখোঁজ রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে প্রতিদিনের মতো তারা বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু দিন শেষে কেউ বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
স্বজনরা বিদ্যালয়, আত্মীয়স্বজনের বাড়ি ও সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালালেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নিখোঁজ তিন শিক্ষার্থী ওইদিন স্কুলে উপস্থিত ছিলো না। পরে অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলো। সহপাঠীদের সঙ্গেও কথা বলা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি।
ঘটনার তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ কিশোরীদের কারও কাছেই মোবাইল ফোন ছিলো না। ফলে প্রযুক্তিগতভাবে তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তারপরও বাস, লঞ্চসহ বিভিন্ন যাতায়াতমাধ্যম এবং সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ নেয়া হচ্ছে।
এ বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, চার কিশোরী নিখোঁজের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তাদের উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে একসঙ্গে চার কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত তাদের সন্ধান ও নিরাপদ উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সবার দেশ/কেএম




























