পার্ক সার্কাসে সংঘর্ষ-ভাঙচুর
বুলডোজারে সংখ্যালঘু উচ্ছেদ, প্রতিবাদে উত্তাল কোলকাতা
ভারতের কোলকাতা শহরের পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকায় বুলডোজার অভিযান ও প্রশাসনিক বিধিনিষেধের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) দুপুরে কয়েক হাজার মানুষের জমায়েতে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আজান ও নামাজসংক্রান্ত কিছু প্রশাসনিক কড়াকড়ি এবং সংখ্যালঘু উচ্ছেদ অভিযানের সিদ্ধান্তকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই এলাকায় চাপা উত্তেজনা চলছিলো। বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে।
রোববার দুপুরে সে ক্ষোভ থেকেই পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকায় বড় ধরনের বিক্ষোভ সমাবেশ গড়ে ওঠে। এতে গুরুত্বপূর্ণ এ মোড়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কোলকাতা পুলিশ, দ্রুত প্রতিরোধ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা ছাড়ার নির্দেশ দিলে উত্তেজনা আরও বেড়ে যায়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিক্ষোভকারীদের একাংশ পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে একটি কেন্দ্রীয় বাহিনীর বাসে ভাঙচুরের ঘটনা ঘটে এবং বাসটির কাচ ভেঙে যায়।
ঘটনার পর পুরো পার্ক সার্কাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে ছোটাছুটি শুরু করেন। পরে অতিরিক্ত বাহিনী এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন।
বর্তমানে এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে। গুরুত্বপূর্ণ মোড় ও সংবেদনশীল এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। যদিও প্রধান সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়া হয়েছে, তবুও ভেতরের কিছু এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
এ ঘটনায় রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। বিরোধী মহলের অভিযোগ, নতুন সরকারের কঠোর প্রশাসনিক নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অন্যদিকে প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
সবার দেশ/কেএম




























