বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী: প্রবাসীকল্যাণমন্ত্রী
সরকারিভাবে কোনও খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা প্রতিরোধে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, শুধু বিদেশে কর্মী পাঠালেই হবে না, তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। দক্ষ কর্মীরা বিদেশে গিয়ে ভালো কাজের সুযোগ পাওয়ার পাশাপাশি বেশি আয় করতে পারবেন।
এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। এসব প্রশিক্ষণকেন্দ্রে পর্যাপ্ত প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ নেয়া প্রয়োজন। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের পর বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ
সভায় ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর ঘটনায় জড়িত দালালচক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী।
নিহতদের পরিবারের করা মামলার আসামি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট দালালচক্র সম্পর্কে বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, সাগরপথে যারা মারা গেছেন এবং যারা এভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের যাত্রাপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করতে হবে। বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যও মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পরে সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে সচেতনতা
অবৈধ পথে বিদেশযাত্রা বন্ধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দেন আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নিয়মিত প্রচারণা চালিয়ে মানুষকে দালালদের বিষয়ে সতর্ক করতে হবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে বৈধ ও নিরাপদ পথ অনুসরণে মানুষকে উৎসাহিত করতে হবে।
মন্ত্রী আরও বলেন, বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেয়া এবং সংশ্লিষ্ট দেশের ভাষা ও কাজের ধরন সম্পর্কে ধারণা থাকা জরুরি। এতে কর্মীরা প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি কমবে এবং বিদেশে গিয়ে নিজেদের অধিকারও ভালোভাবে নিশ্চিত করতে পারবেন।
সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য, জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিএনপির জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সবার দেশ/কেএম




























