Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ২৬ আগস্ট ২০২৬

আপডেট: ০০:০৬, ২৬ আগস্ট ২০২৬

সাংবাদিক কর্মশালায় বক্তারা

অস্বাস্থ্যকর খাবার ঠেকাতে প্যাকেটে সতর্কবার্তার তাগিদ

অস্বাস্থ্যকর খাবার ঠেকাতে প্যাকেটে সতর্কবার্তার তাগিদ
ছবি: সংগৃহীত

অতিরিক্ত লবণ, চিনি ও ক্ষতিকর চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবারের গ্রহণ বাড়ায় শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে খাদ্যজনিত অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে এসব খাবারের মোড়কের সামনের অংশে সহজে দৃশ্যমান ও বোধগম্য সতর্কবার্তা বা ‘ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং’ (এফওপিএল) চালুর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, প্যাকেটের পেছনে ছোট অক্ষরে দেয়া জটিল পুষ্টি তথ্য সাধারণ ভোক্তার পক্ষে সহজে বোঝা কঠিন। ফলে কোনও খাবারে অতিরিক্ত লবণ, চিনি বা ক্ষতিকর চর্বি রয়েছে কি না, তা দ্রুত বুঝতে পারেন না অনেকেই। এফওপিএল চালু হলে খাবারের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ভোক্তারা সহজেই ধারণা নিতে পারবেন।

২৪ ও ২৫ আগস্ট রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে ‘বাংলাদেশে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল): প্রয়োজনীয়তা, অগ্রগতি ও করণীয়’ শীর্ষক দুই দিনব্যাপী সাংবাদিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত ২৬ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় বক্তারা জানান, বাংলাদেশে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে মৃত্যুর হার উদ্বেগজনক। দেশের মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য এসব অসংক্রামক রোগ দায়ী বলে উল্লেখ করেন তারা। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এসব রোগের অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে কাজ করছে।

বক্তারা বলেন, বর্তমানে প্যাকেটজাত খাবারের মোড়কের পেছনে ছোট অক্ষরে ও তুলনামূলক জটিলভাবে পুষ্টি উপাদানের তথ্য দেওয়া হয়। সাধারণ ভোক্তার জন্য এসব তথ্য বুঝে খাবারটি স্বাস্থ্যসম্মত কি না, তা দ্রুত নির্ধারণ করা কঠিন। তাই মোড়কের সামনের অংশে সহজ ভাষা ও স্পষ্ট চিহ্নের মাধ্যমে স্বাস্থ্যঝুঁকির তথ্য তুলে ধরা প্রয়োজন।

খসড়া প্রবিধান দ্রুত চূড়ান্তের আশা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, এফওপিএল-সংক্রান্ত খসড়া প্রবিধানমালা বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ে রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে এটি দ্রুত চূড়ান্ত হবে বলে তারা আশাবাদী।

ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আবু আহমেদ শামীম বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে এফওপিএল একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। এর মাধ্যমে ভোক্তারা অতি-প্রক্রিয়াজাত খাবারের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সহজেই বুঝতে পারবেন।

জিএইচএআই-এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, অসংক্রামক রোগে মৃত্যুর হার এক-তৃতীয়াংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে এফওপিএল-সংক্রান্ত প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়ন করা জরুরি।

গণমাধ্যমে নিয়মিত আলোচনা চান বক্তারা

চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, অসংক্রামক রোগ মোকাবিলায় এফওপিএলের কার্যকারিতা নিয়ে গণমাধ্যমে নিয়মিত আলোচনা ও বিশ্লেষণ হলে খসড়া প্রবিধানমালা চূড়ান্ত করার প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।

কর্মশালায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স-আত্মার কো-কনভেনর মিজান চৌধুরী এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।

এ সময় গণমাধ্যমকর্মীদের সামনে বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার এবং প্রোগ্রাম অফিসার শবনম মোস্তফা।

বক্তারা বলেন, ভোক্তাকে স্বাস্থ্যকর খাবার বেছে নিতে সহায়তা করার পাশাপাশি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কমাতে কার্যকর নীতিগত পদক্ষেপ প্রয়োজন। এ ক্ষেত্রে প্যাকেটের সামনের অংশে সহজবোধ্য সতর্কবার্তা চালু করা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা