রাষ্ট্রপতি নির্বাচন ৯০ দিনের মধ্যে, দ্রুত তফসিল ঘোষণার প্রস্তুতি
বিদায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক বিধান অনুযায়ী দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে দ্রুত তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা বাধ্যতামূলক। বিদায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পর থেকেই এ সময়সীমা কার্যকর হয়েছে এবং সে সময়সীমার মধ্যেই নির্বাচন সম্পন্ন করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুসারে পুরো নির্বাচন পরিচালিত হবে। আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
বর্তমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। এ কারণে তাদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পরপরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, রাষ্ট্রপতি নির্বাচন অনেকটা সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। একাধিক বৈধ প্রার্থী থাকলে জাতীয় সংসদ ভবনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। আর একজন মাত্র বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার কমিশনের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকলেও আগামী রোববার অথবা পরবর্তী কার্যদিবসে এ বিষয়ে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই বৈঠকেই তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত শেষ করে অল্প সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরপর মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, প্রত্যাহার এবং ভোটগ্রহণসহ পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী সম্পন্ন করা হবে।
সবার দেশ/কেএম




























