সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি
আগামী সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতিতে কোনও ঘাটতি নেই। তবে ভোটের পুরো প্রক্রিয়া শেষ হতে আগামী বছরের শুরু পর্যন্ত সময় লাগতে পারে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
এর আগে তিন নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করেন এ এম এম নাসির উদ্দিন। তবে একজন নির্বাচন কমিশনার বিদেশে থাকায় বৈঠকে উপস্থিত হতে পারেননি।
প্রায় ৩৫ থেকে ৪০ মিনিটের ওই বৈঠকে রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য কমিশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান সিইসি। জবাবে রাষ্ট্রপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে সুন্দর, শান্তিপূর্ণ ও দেশে-বিদেশে প্রশংসিত নির্বাচন হিসেবে উল্লেখ করে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান।
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করার কথা জানিয়ে সিইসি বলেন, কমিশন সমান পেশাদারিত্বের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করতে চায়।
নাসির উদ্দিন বলেন, আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি, জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনও সমান পেশাদারিত্ব ও গ্রহণযোগ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে পরিচালনা করতে চাই। তিনি আমাদের আশ্বস্ত করে বলেন, আপনারা যেভাবে নিরপেক্ষতা বজায় রাখতে চান, আমিও তা চাই। নিরপেক্ষতা ও স্বাধীন সত্তা বজায় রাখতে আমার পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা থাকবে।
রাষ্ট্রপতি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আগ্রহী বলেও জানান সিইসি। তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি আমাদের জানান, তিনি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান এবং মাননীয় প্রধানমন্ত্রীও একই বিষয়ে আগ্রহী।
নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কমিশনের দিক থেকে কোনও ঘাটতি নেই। আচরণবিধি-সংক্রান্ত নথি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে কমিশনে ফিরে এসেছে। এখন শুধু সংশ্লিষ্ট ম্যানুয়াল তৈরির কাজ বাকি।
তিনি বলেন, আমাদের দিক থেকে প্রস্তুতির কোনও ঘাটতি নেই। আচরণ বিধিমালা সংক্রান্ত নথি আইন মন্ত্রণালয় থেকে ভেটিং শেষে ফেরত এসেছে, এখন শুধু সংশ্লিষ্ট ম্যানুয়াল তৈরির কাজ বাকি। আমরা সচিবালয়কে সার্বিক প্রস্তুতি সম্পন্ন রাখতে বলেছি। সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচনী কাজে নেমে পড়বে কমিশন।
তফসিল ঘোষণার সম্ভাব্য সময় সম্পর্কে সিইসি বলেন, আইনগত বাধ্যবাধকতার কারণে চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনও ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
দুটি নির্বাচনের সময়সূচি যাতে পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই কমিশন এগোচ্ছে বলে জানান তিনি।
সিইসি বলেন, আশা করছি সেপ্টেম্বরের মধ্যেই একটি তফসিল দিতে সক্ষম হবো। তবে নির্বাচন শেষ হতে আগামী বছরের শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে।
সবার দেশ/কেএম




























