শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান গয়েশ্বরের
‘আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন’
আপনি আসেন, আপনি কেন দেশের বাইরে থাকবেন? আপনি যত চোর নিয়ে বিদেশে গেছেন, সব চোর নিয়ে একবারে ঢাকায় আসেন। বাংলাদেশে আসেন। জনগণ আপনাদের দেখতে চায়।
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। হাসিনার দেশে ফেরার বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমার আপা ঘন ঘন আওয়াজ দেন, তিনি আসবেন। সাহস থাকলে আসিয়া পড়েন, আসিয়া পড়েন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক সম্মেলনে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন,
আপনি আসেন, আপনি কেন দেশের বাইরে থাকবেন? আপনি যত চোর নিয়ে বিদেশে গেছেন, সব চোর নিয়ে একবারে ঢাকায় আসেন। বাংলাদেশে আসেন। জনগণ আপনাদের দেখতে চায়।
শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, কেউ কেউ অপেক্ষা করছে, আবার আসিব ফিরে। আমার আপা ঘন ঘন আওয়াজ দেন, তিনি আসবেন। সাহস থাকলে আসিয়া পড়েন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন বিএনপির এ নেতা। তিনি বলেন, ষড়যন্ত্র এখনও চলমান এবং রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ষড়যন্ত্র চলমান। এটা আপনাদের বুঝতে বাকি নেই। ফ্যাসিবাদের পতন হয়েছে। জনগণের আস্থা নিয়ে আমরা সরকার গঠন করেছি।
তবে জনগণের আস্থা নিয়ে সরকার গঠন করাকে শুধু রাজনৈতিক অর্জন হিসেবে না দেখে বড় দায়িত্ব হিসেবেও দেখার আহ্বান জানান তিনি।
তার ভাষায়, এ সরকার গঠনটা অনেক সুখের নয়, অনেক দায়িত্বশীলতার ব্যাপার।
সম্মেলনে ‘জিয়া মঞ্চ’-এর উত্থানের প্রসঙ্গও তুলে ধরেন গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের সময়ে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রম নানা কারণে বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে দলের অনেক সক্রিয় নেতা-কর্মী পদবঞ্চিত হয়েছেন।
তাদের একটি অংশ পরবর্তী সময়ে জিয়া মঞ্চে এসে সংগঠিত হয়েছেন বলে দাবি করেন তিনি।
গয়েশ্বর বলেন, জিয়া মঞ্চ রাজপথের নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার এবং নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জায়গা করে দিয়েছে।
সম্মেলনে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি জিয়া মঞ্চের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের সরাসরি আহ্বান এবং ‘সাহস থাকলে আসিয়া পড়েন’ মন্তব্যকে ঘিরে সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
সবার দেশ/কেএম




























