জিতেও বার্সেলোনার বিদায়, সেমিফাইনালে আতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে দুর্দান্ত লড়াই করেও শেষরক্ষা হলো না বার্সেলোনার। মেত্রোপলিতানো স্টেডিয়ামে ২-১ গোলে জিতেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে কাতালান জায়ান্টদের। অন্যদিকে প্রায় ৯ বছর পর ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচের চতুর্থ মিনিটেই লামিনে ইয়ামালের গোলে এগিয়ে যায় তারা। এরপর ২৪তম মিনিটে ফেররান তোরেস গোল করে ব্যবধান ২-০ করলে দুই লেগ মিলিয়ে সমতায় ফিরে আসে বার্সা।
তবে ৩১তম মিনিটে আতলেতিকোর হয়ে আদেমোলা লুকমান গোল করে ম্যাচে স্বাগতিকদের ফিরিয়ে আনেন। এ গোলই শেষ পর্যন্ত টাইয়ের ভাগ্য নির্ধারণ করে দেয়। প্রথম লেগে ২-০ ব্যবধানে জেতা আতলেতিকো সামগ্রিক ব্যবধানে ৩-২ এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে।
পুরো ম্যাচে ৭১ শতাংশ বল দখলে রেখেছিল বার্সেলোনা। দুই দলই ১৫টি করে শট নিলেও লক্ষ্যে ছিল বার্সার ৮টি এবং আতলেতিকোর ৫টি। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি হান্সি ফ্লিকের দল। আতলেতিকোর গোলরক্ষক হুয়ান মুসোর দৃঢ়তা স্বাগতিকদের রক্ষা করে।
ম্যাচের শেষদিকে বার্সেলোনার কাজ আরও কঠিন হয়ে যায়। ৮০তম মিনিটে এরিক গার্সিয়া লাল কার্ড দেখলে ১০ জন নিয়ে শেষ সময় খেলতে হয় তাদের। শেষ মুহূর্তে রবার্ট লেভানদোভস্কি ও রোনাল্ড আরাউহো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।
ফলে ম্যাচ জিতেও হতাশা নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা, আর উল্লাসে মাতে দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ।
সবার দেশ/কেএম




























