Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৩, ২৫ নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ

শুষ্ক মৌসুমে পানির প্রবাহ নিশ্চিত করতে নতুন চুক্তিতে বাধ্যতামূলক ধারা যুক্ত করার দাবি • আলোচনার অপেক্ষায় ঢাকা, এখনো সময়সূচি দেয়নি দিল্লি।

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন নিয়ে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও এর নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। এমন পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ বা পানিপ্রবাহের নিশ্চয়তামূলক ধারা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ।

চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। বাংলাদেশ নতুন চুক্তির বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করে ভারতের সঙ্গে আলোচনার অপেক্ষায় থাকলেও দিল্লির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক আলোচনার কোনও সময়সূচি জানানো হয়নি। ফলে চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাংলাদেশের অবস্থান, শুধু বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়; বরং জাতীয় স্বার্থ সুরক্ষিত করে এমন একটি নতুন বা সংশোধিত চুক্তি করা, যাতে শুষ্ক মৌসুমে গঙ্গার পানিপ্রবাহ কমে গেলেও বাংলাদেশের নির্ধারিত হিস্যা পাওয়ার নিশ্চয়তা থাকে। এ ক্ষেত্রে ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তিতে থাকা গ্যারান্টি ক্লজ নতুন চুক্তিতে ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে ঢাকা।

যৌথ বৈঠকে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা হয়নি

গত রোববার ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে উপস্থাপন করা হবে।

তবে বৈঠকে গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। কারণ, চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ ও পর্যালোচনার দায়িত্ব যৌথ কমিটির হলেও নতুন চুক্তি নিয়ে আলোচনার এখতিয়ার রয়েছে দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের।

যৌথ নদী কমিশনের সদস্য এবং বাংলাদেশের পক্ষে যৌথ কমিটির প্রধান ড. মো. আনোয়ার কাদির জানিয়েছেন, বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে।

তিনি বাসসকে বলেন, গঙ্গা পানি বণ্টন চুক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে দুই দেশের মধ্যে নিয়মিত তথ্য বিনিময়, পানিপ্রবাহ পর্যবেক্ষণ এবং যৌথভাবে পরিস্থিতি পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। আমরা আশা করি, যৌথ কমিটির ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে চুক্তির বাস্তবায়ন আরও কার্যকর হবে।

নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনার দাবি

বাংলাদেশের প্রধান দাবি হচ্ছে, নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলেও বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করার বাধ্যবাধকতা থাকতে হবে। এ জন্য ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বাসসকে বলেন, বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায়। এ জন্য নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার।

তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছি। দুই দেশের আলোচনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি ও গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে বলে আশা করি।

মন্ত্রী জানান, এ লক্ষ্যে তিনি ভারতের পানিসম্পদ মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন।

১৯৭৭ সালের চুক্তিতে শুষ্ক মৌসুমে ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহ কমে গেলে যেকোনো ১০ দিনের মেয়াদে বাংলাদেশকে তার নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেয়ার বাধ্যবাধকতা ছিলো। কিন্তু ১৯৯৬ সালের চুক্তিতে এ ধরনের নিশ্চয়তামূলক ধারা রাখা হয়নি। নতুন চুক্তিতে এ ব্যবস্থা পুনর্বহাল হলে পানিপ্রবাহ কমে যাওয়ার পরিস্থিতিতেও বাংলাদেশের হিস্যা সুরক্ষিত থাকবে বলে মনে করছে সরকার।

কীভাবে বণ্টন হয় গঙ্গার পানি

১৯৯৬ সালের বর্তমান চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহের ভিত্তিতে প্রতি ১০ দিন অন্তর বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বণ্টন করা হয়। পানিপ্রবাহের পরিমাণ অনুযায়ী দুই দেশের হিস্যা নির্ধারিত হয়।

চুক্তির পানি বণ্টন কাঠামো অনুযায়ী—

  • ফারাক্কায় পানিপ্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে বাংলাদেশ ও ভারত সমান ভাগে পানি পায়।
  • পানিপ্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় ভারত।
  • পানিপ্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় বাংলাদেশ।

এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিনের মেয়াদে উভয় দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দুই দেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করে যৌথ কমিটি। ১৯৯৭ সাল থেকে নিয়মিত এ পর্যবেক্ষণের ভিত্তিতে পানিপ্রবাহ ও পানি বণ্টনের তথ্য পর্যালোচনা করে প্রতিবছর প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

আলোচনার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর এ কমিটির নেতৃত্ব দিচ্ছেন। কমিটিতে পানিসম্পদ, পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং নদী বিশেষজ্ঞরা রয়েছেন।

বাংলাদেশ গত জুনে ভারতকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেয়। আগস্টে ভারতের পক্ষ থেকেও একটি কারিগরি কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। সর্বশেষ ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রী ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান। তবে ভারতের পক্ষ থেকে এখনো আলোচনার নির্দিষ্ট সময়সূচি পাওয়া যায়নি।

অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে বলেন, গঙ্গার পানি বণ্টন বাংলাদেশের জন্য শুধু পানিসম্পদের বিষয় নয়; এটি কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতির সঙ্গেও সম্পর্কিত। বাংলাদেশ এমন একটি চুক্তি চায়, যাতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হয় এবং দীর্ঘমেয়াদে দেশের স্বার্থ সুরক্ষিত থাকে।

ভারতের আঞ্চলিক স্বার্থও আলোচনায় গুরুত্বপূর্ণ

গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আঞ্চলিক স্বার্থও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারের পানির চাহিদা নতুন চুক্তি নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পশ্চিমবঙ্গের কাছে ভাগীরথী-হুগলি নদীতে পানিপ্রবাহ বজায় রাখা, নৌচলাচল ও বন্দর সচল রাখা গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিহার পানীয় জল ও শিল্পের চাহিদা পূরণে পর্যাপ্ত পানি নিশ্চিত করতে আগ্রহী। ফলে বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন নিয়ে আলোচনায় ভারতের অভ্যন্তরীণ রাজ্যগুলোর চাহিদা ও রাজনৈতিক অবস্থানও বিবেচনায় আসতে পারে।

চুক্তির দ্বাদশ অনুচ্ছেদ অনুযায়ী, স্বাক্ষরের পর থেকে ৩০ বছর পর্যন্ত এটি কার্যকর থাকবে এবং দুই দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়ন করা যাবে। অর্থাৎ, চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ার কোনো সুযোগ নেই। দুই দেশের সম্মতি ছাড়া নবায়ন সম্ভব নয়।

চুক্তি না হলে বাড়বে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উদ্বেগ

গঙ্গার পানি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, মৎস্য, নৌপরিবহন ও পরিবেশগত ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনও সমঝোতা না হলে আগামী শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ নিয়ে উদ্বেগ বাড়তে পারে।

শুষ্ক মৌসুমে গঙ্গার পানিপ্রবাহ কমে গেলে এ অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত হওয়া, নদীর নাব্যতা কমে যাওয়া এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এসব সমস্যা স্থানীয় অর্থনীতি, জীবিকা ও জনজীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বাসসকে বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ নিশ্চিত করা। শুধু দুই দেশের মধ্যে পানি ভাগাভাগির সূত্র থাকলেই হবে না, নদীতে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশ কতটুকু পানি পাবে, সেটিও চুক্তিতে স্পষ্ট থাকতে হবে।

তিনি বলেন, গ্যারান্টি ক্লজ না থাকলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা কঠিন হতে পারে।

৫৪ অভিন্ন নদীর মধ্যে গঙ্গাতেই কার্যকর চুক্তি

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। এর মধ্যে গঙ্গাই একমাত্র নদী, যার পানি বণ্টনে দুই দেশের মধ্যে কার্যকর চুক্তি রয়েছে। দীর্ঘদিন ধরে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনও তা বাস্তবায়িত হয়নি। ফলে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে নতুন চুক্তিতে শুধু পানির হিস্যা নির্ধারণ করলেই হবে না; বরং প্রবাহের নিশ্চয়তা, নিয়মিত তথ্য বিনিময়, শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা এবং বর্ষায় অতিরিক্ত পানিপ্রবাহের ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত করাই এখন বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ। সময় যত এগিয়ে আসছে, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দুই দেশের আলোচনার অগ্রগতি।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল
থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ
যুদ্ধ বন্ধে ইরানের যেকোনও শর্ত মানতে রাজি ৫৫% মার্কিনি
৮ কোটি ভোটেও সেরা ৩০-এ ঠাঁই হলো না মাহির
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ডিসেম্বর থেকে
টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর
আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল
যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী
৩০০ ফুটে ডাকাতির ভিডিও ভাইরাল, আসলে যা ঘটেছিলো
হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত
কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, নিহত ৫
আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীদের চোখ উপড়ানোর হুমকি
৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় বিশ্বরেকর্ড
রিকশাচালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা
শিশুকে বাঁচিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা, অপেক্ষায় দুই সন্তান
বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা
বাবাকে হত্যার সুযোগ দিতেই নিরাপত্তা প্রত্যাহার: রাহুল গান্ধী