Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৭, ১১ জুন ২০২৬

প্রজ্ঞা-আত্মা’র তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া ২০২৬-২৭

তামাকপণ্য সস্তা হওয়ার শঙ্কা, হাতছাড়া হবে হাজার কোটি টাকার রাজস্ব

তামাকপণ্য সস্তা হওয়ার শঙ্কা, হাতছাড়া হবে হাজার কোটি টাকার রাজস্ব
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তামাকপণ্যের কর ও মূল্য কাঠামোয় কার্যকর সংস্কার না থাকায় দেশে তামাকপণ্যের ব্যবহার আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)। সংগঠন দুটির মতে, বাজেটের বর্তমান প্রস্তাব কার্যকর হলে তামাকপণ্য আরও সহজলভ্য হবে, বাড়বে তামাকজনিত রোগ ও মৃত্যু, একই সঙ্গে সরকার বিপুল পরিমাণ অতিরিক্ত রাজস্ব আহরণের সুযোগ থেকেও বঞ্চিত হবে।

বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রজ্ঞা ও আত্মা এ উদ্বেগ প্রকাশ করে।

সংগঠন দুটির বিশ্লেষণে বলা হয়, বাজেটে নিম্নস্তরের সিগারেটের দাম খুব সামান্য বাড়ানো হয়েছে এবং বিড়ি, জর্দা ও গুলের দাম ও করহার অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে মূল্যস্ফীতি ও মাথাপিছু আয় বৃদ্ধির বাস্তবতায় এসব তামাকপণ্যের প্রকৃত দাম আগের তুলনায় কমে যাবে। একই সঙ্গে সিগারেটের বহুমাত্রিক মূল্যস্তর কমানো, সুনির্দিষ্ট শুল্ক চালু করা কিংবা কর কাঠামো সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কোনও পদক্ষেপও নেয়া হয়নি।

প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকার সিগারেটের প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ দাম বৃদ্ধি পেয়েছে মাত্র ৩ দশমিক ৩৩ শতাংশ। অথচ দেশে মাথাপিছু আয় বেড়েছে ১০ দশমিক ২৭ শতাংশ। এ অবস্থায় নিম্নস্তরের সিগারেটের প্রকৃত মূল্য আরও কমে যাবে বলে মনে করছে প্রজ্ঞা ও আত্মা। সংগঠনগুলোর মতে, বর্তমানে দেশের সিগারেট বাজারের প্রায় ৭৫ শতাংশই নিম্নস্তরের সিগারেটের দখলে এবং এর প্রধান ভোক্তা তরুণ ও নিম্ন আয়ের মানুষ। ফলে এ শ্রেণির মানুষের মধ্যে তামাক ব্যবহার আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে মধ্যম স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের সিগারেট ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং প্রিমিয়াম বা অতি উচ্চ স্তরের সিগারেট ১৮৫ টাকা থেকে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তবে সংগঠন দুটির দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির তুলনায় এ বৃদ্ধি খুবই সীমিত। পাশাপাশি কর কাঠামোয় সংস্কার না থাকায় দাম বৃদ্ধির একটি বড় অংশ তামাক কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফায় পরিণত হবে, যা ভবিষ্যতে তামাক ব্যবসা সম্প্রসারণে ব্যবহৃত হওয়ার ঝুঁকি রয়েছে।

প্রজ্ঞা ও আত্মা জানিয়েছে, তাদের প্রস্তাব অনুযায়ী নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একীভূত করে প্রতি ১০ শলাকার খুচরা মূল্য ১০০ টাকা নির্ধারণ করা, বিদ্যমান ৬৭ শতাংশ সম্পূরক শুল্কের পাশাপাশি প্রতি প্যাকেটে ৪ টাকা সুনির্দিষ্ট শুল্ক আরোপ এবং সব ধরনের তামাকপণ্যের মূল্য বৃদ্ধি করা হলে চলতি অর্থবছরের তুলনায় প্রায় ৪৪ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হতো। একই সঙ্গে দীর্ঘমেয়াদে প্রায় চার লাখ অকাল মৃত্যু প্রতিরোধ করা যেতো।

প্রস্তাবিত বাজেটে বিড়ি, জর্দা ও গুলের দাম এবং করহার অপরিবর্তিত রাখার বিষয়েও উদ্বেগ জানিয়েছে সংগঠন দুটি। তাদের মতে, এতে এসব পণ্য আরও সস্তা ও সহজলভ্য হয়ে উঠবে, যার নেতিবাচক প্রভাব পড়বে বিশেষ করে নারী ও দরিদ্র জনগোষ্ঠীর ওপর।

বাজেটে নতুন তামাকজাত পণ্য হিসেবে ১০ গ্রাম নিকোটিন পাউচের খুচরা মূল্য ৫০০ টাকা নির্ধারণ করে এর ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্ক এবং ১০ শলাকা হিটেড টোব্যাকোর খুচরা মূল্য ২১০ টাকা নির্ধারণ করে ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব পণ্য নিষিদ্ধ করার সুপারিশ ছিলো। তবে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনে সে প্রস্তাব অন্তর্ভুক্ত হয়নি বলে উল্লেখ করেছে প্রজ্ঞা ও আত্মা।

এ ছাড়া নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচ আমদানিতে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ এবং তামাকপণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ওপর নজরদারি বাড়াতে ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ পদ্ধতি চালুর প্রস্তাবকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, প্রস্তাবিত বাজেট অপরিবর্তিত অবস্থায় পাস হলে তামাকপণ্য আরও সস্তা ও সহজলভ্য হয়ে পড়বে। এতে তরুণ ও নিম্ন আয়ের জনগোষ্ঠী তামাক ব্যবহারে বেশি উৎসাহিত হবে, ফলে তামাকজনিত অসুস্থতা ও মৃত্যুর হারও বাড়বে।

প্রজ্ঞা ও আত্মা জানিয়েছে, বর্তমানে বাংলাদেশে ৩৫ দশমিক ৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ কোনও না কোনও ধরনের তামাকপণ্য ব্যবহার করেন। তামাকজনিত রোগে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়। পাশাপাশি তামাক ব্যবহারের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির আর্থিক মূল্য বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা।

এ প্রেক্ষাপটে চূড়ান্ত বাজেটে তামাকবিরোধী সংগঠনগুলোর প্রস্তাবিত কর ও মূল্য সংস্কার অন্তর্ভুক্ত করে জনস্বাস্থ্য সুরক্ষা এবং রাজস্ব বৃদ্ধি—উভয় লক্ষ্য অর্জনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রজ্ঞা ও আত্মা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ