Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৪, ৯ মার্চ ২০২৬

আপডেট: ১৫:০৫, ৯ মার্চ ২০২৬

প্রজ্ঞা-আত্মা’র অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সংসদের আসন্ন অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হবে

সংসদের আসন্ন অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হবে
ছবি: সংগৃহীত

দেশে তামাক ব্যবহার উদ্বেগজনক হারে বাড়তে থাকায় এ নিয়ে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। আসন্ন জাতীয় সংসদ অধিবেশনেই ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ আইন হিসেবে পাস করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (৯ মার্চ) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে অনুষ্ঠিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ: সরকারের সাফল্য, প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)।

অনুষ্ঠানে বক্তারা জানান, বর্তমানে দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন, যা মোট প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় ৩৫ শতাংশ। তামাকজনিত রোগে প্রতিদিন গড়ে ৫৪৮ জন মানুষের মৃত্যু হয় এবং অসংখ্য মানুষ পঙ্গুত্বের শিকার হন। তামাক ব্যবহারের কারণে দেশে বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।

বিশেষজ্ঞরা বলেন, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ দ্রুত আইন হিসেবে পাস না হলে তামাকজনিত ক্ষয়ক্ষতি আরও বাড়বে। জনস্বাস্থ্য সুরক্ষায় সংসদের প্রথম অধিবেশনেই এ অধ্যাদেশটি আইন হিসেবে গৃহীত হওয়া জরুরি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার তামাক নিয়ন্ত্রণে শক্ত অবস্থান নিয়েছে। আসন্ন সংসদ অধিবেশনেই এ অধ্যাদেশ আইন হিসেবে পাস করা হবে। পাশাপাশি আইনটি বাস্তবায়নে তথ্য মন্ত্রণালয় সব ধরনের সহায়তা দেবে।

অনুষ্ঠানে আবদুল হাই শিকদার, সম্পাদক, দৈনিক যুগান্তর বলেন, তামাক নিয়ন্ত্রণে শক্তিশালী আইনের বিকল্প নেই। জনগণের প্রত্যাশা পূরণে এ অধ্যাদেশ দ্রুত আইন হিসেবে পাস হওয়া প্রয়োজন।

এ সময় চ্যানেল ২৪–এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এ ভূমিকা অব্যাহত রাখতে হবে।

অনলাইন সংবাদমাধ্যম চরচা–এর সম্পাদক সোহরাব হাসান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের উচিত অধ্যাদেশটি হুবহু আইন হিসেবে পাস করা।

অনুষ্ঠানে তামাক ব্যবহারের কারণে ক্যানসারে আক্রান্ত রোগীদের অভিজ্ঞতা তুলে ধরেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি–এর সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক। তিনি বলেন, তামাকজনিত রোগে আক্রান্ত অসহায় মানুষের কষ্ট কমাতে দ্রুত কার্যকর আইন প্রয়োজন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আত্মা’র কনভেনর মর্তুজা হায়দার লিটন, প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আত্মা’র কো-কনভেনর নাদিরা কিরণ এবং মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র তামাক নিয়ন্ত্রণ প্রকল্প প্রধান হাসান শাহরিয়ার।

অধ্যাদেশে তরুণ প্রজন্মকে নিকোটিন আসক্তি থেকে রক্ষা করতে ই-সিগারেট, ভ্যাপ ও হিটেড টোব্যাকো পণ্যের উৎপাদন, আমদানি, বিপণন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে নারী ও শিশুসহ অধূমপায়ীদের সুরক্ষায় সব পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান রাখার বিধান বাতিল করে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও খেলাধুলার স্থানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধসহ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতার ওপরও পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি, বিশ্বকাপে দুর্দান্ত হ্যাটট্রিক
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এখন আরও দুর্বল: ওবামা
পুলিশের পোশাকে ফের পরিবর্তন
পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ
ভিভাটেক ২০২৬: দশক পূর্তির উৎসবে ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা
নাইজারের বিমানবন্দরে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৩৫
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে গুঁড়িয়ে দিলো কানাডা
শান্তিচুক্তির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি