Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৫, ২২ জুলাই ২০২৬

২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু

সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫ শতাংশ প্রণোদনা

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা শুরু; ডিসেম্বরের পর রিটার্ন দিলে গুনতে হবে অতিরিক্ত কর

সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫ শতাংশ প্রণোদনা
ফাইল ছবি

২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর। একই সঙ্গে করদাতাদের সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত করতে নতুন প্রণোদনা ঘোষণা করা হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ পর্যন্ত কর ছাড় বা প্রণোদনা মিলবে, যার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।

বুধবার (২২ জুলাই) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ২২ জুলাই থেকে ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে করদাতারা ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুত, দাখিল এবং কর পরিশোধের সুযোগ পাবেন।

ই-রিটার্নে বাড়ছে করদাতার আগ্রহ

এনবিআর জানায়, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর থেকে এটি করদাতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০২৫-২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা অনলাইনে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন, যা দেশের ডিজিটাল কর ব্যবস্থাপনায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

অধিকাংশ করদাতার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক

এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

তবে নিম্নোক্ত শ্রেণির করদাতারা কাগজে (পেপার) রিটার্ন জমা দিতে পারবেন—

  • ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা
  • শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদপত্র সাপেক্ষে)
  • বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা
  • মৃত করদাতার আইনগত প্রতিনিধি
  • বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক

এছাড়া, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কেউ অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।

ঘরে বসেই কর পরিশোধের সুযোগ

এনবিআর জানিয়েছে, ই-ট্যাক্স সিস্টেমের মাধ্যমে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন।

এছাড়া, সঠিক তথ্য দিয়ে ই-রিটার্ন জমা দিলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র এবং আয়কর সনদ ডাউনলোড করা যাবে।

সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫% প্রণোদনা

২০২৬-২৭ করবর্ষ থেকে নতুন নিয়ম অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা দেয়া হবে। তবে এ প্রণোদনার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।

এনবিআর জানিয়েছে, সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এ প্রণোদনা পাওয়া যাবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে আইন অনুযায়ী অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

সমস্যায় মিলবে এনবিআরের সহায়তা

ই-রিটার্ন দাখিলের সময় কোনx সমস্যা হলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালীন সময়ে এনবিআরের কল সেন্টার ০৯৬৪৩৭১৭১৭১-এ যোগাযোগ করা যাবে। পাশাপাশি অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমেও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।

সময়সীমার মধ্যে আয়কর রিটার্ন দাখিল করে প্রণোদনার সুবিধা গ্রহণের জন্য দেশের সব করদাতার প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
ভারতজুড়ে বিক্ষোভের আগুন, চাপে মোদি
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’, ছাত্রদলকে ‘চাঁদাবাজি কার্ড’ দিবো: নাসীরুদ্দিন পাটওয়ারী
এমপি পদও কি হারাবেন গাজী নজরুল? যা বলছে সংবিধান ও ইসি
শিক্ষার্থী বিক্ষোভে গিয়ে পুলিশের হাতে আটক অভিনেত্রী আয়েশা খান
পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: ইসি
গাজী নজরুলকে এমপি পদ ছাড়ার আলটিমেটাম জামায়াতের
মেঘনায় সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫ শতাংশ প্রণোদনা
জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম
তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই—নিম্নাঞ্চলে বন্যা আতঙ্ক
ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লিমুখী কৃষকরা
এনআইডি সংশোধনে স্বস্তি, প্রবাসীদের ভোটার নিবন্ধন হবে আরও দ্রুত
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত
মেসি আমার আদর্শ, তার হার দেখতে ভালো লাগে না: কুবার্সি
সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা