Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ৮ সেপ্টেম্বর ২০২৬

সৌরবিদ্যুৎ যন্ত্র আমদানিতে ৬ মাসের শুল্কছাড়

সৌরবিদ্যুৎ যন্ত্র আমদানিতে ৬ মাসের শুল্কছাড়
ছবি: সংগৃহীত

চলমান বিদ্যুৎ-সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের জন্য শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার।

সোমবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির প্রস্তাব অনুমোদন করা হয়।

রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবায়নযোগ্য সৌরশক্তি উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এক শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, সম্পূর্ণ রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেয়া হবে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।

সরকারের আশা, এ সুবিধার ফলে দ্রুত সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হবে। এতে বিদ্যুতের ঘাটতি কমার পাশাপাশি জনজীবনের ভোগান্তি হ্রাস পাবে এবং শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে সহায়তা করবে। একই সঙ্গে বিনিয়োগ ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সরকার।

মন্ত্রিসভা বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে ‘প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট অ্যাগ্রিমেন্ট’ শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিটি দুই পক্ষের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে। পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণ, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

চুক্তির আওতায় বাংলাদেশ ও হংকংয়ের বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে দুই পক্ষের মধ্যে বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

চুক্তিটির মেয়াদ হবে ১০ বছর। তবে স্বাক্ষরের তিন বছর পর উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে এটি সংশোধনের সুযোগ থাকবে। চুক্তিটি কার্যকর হলে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বৈদেশিক বিনিয়োগপ্রবাহ বাড়াতে একটি কার্যকর ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে বলে আশা করছে সরকার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ: