ভবন থেকে পড়ে প্রেমিকের মৃত্যু, মডেলের ভিডিও ভাইরাল
ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ে ব্যবসায়ী শিবা শর্মার রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে একটি সিসিটিভি ভিডিও। মৃত্যুর কয়েক মাস আগে প্রেমিকা ও মডেল শ্রদ্ধা দুবে এবং তার বোন রশ্মি দুবের সঙ্গে শিবাকে দেখা যায় ওই ভিডিওতে। ফুটেজটি প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ আগস্ট রাতের সিসিটিভি ফুটেজে শ্রদ্ধাকে কালো পোশাকে শিবার হাত ধরে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়। তাদের সঙ্গে ছিলেন শ্রদ্ধার বোন রশ্মিও। রাত আনুমানিক দেড়টার দিকে ধারণ করা ভিডিওটি লক্ষ্ণৌয়ের আওধ গ্রিন অ্যাপার্টমেন্টের বলে ধারণা করা হচ্ছে। তারা কোনও অনুষ্ঠান বা পার্টিতে যাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে।
২৮ বছর বয়সী ব্যবসায়ী শিবা শর্মা গত ৯ অক্টোবর লক্ষ্ণৌয়ের ওই আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মারা যান। প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হলেও পরে তার পরিবারের পক্ষ থেকে নির্যাতন ও হত্যার অভিযোগ তোলা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করে।
শিবার মা রঞ্জনা শর্মার অভিযোগ, তার ছেলেকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিলো এবং ব্ল্যাকমেইল করা হয়। এ ঘটনায় শ্রদ্ধা, তার বোনসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে শ্রদ্ধা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, শিবা আত্মহত্যা করেছেন।
শিবার মৃত্যুর পর শ্রদ্ধা, তার বোন রশ্মি এবং গাড়িচালক দানিশ আত্মগোপনে চলে যান বলে জানা গেছে। পরে গত ২০ অক্টোবর মহারাষ্ট্রের নাগপুর থেকে তাঁদের গ্রেপ্তার করে উত্তর প্রদেশ পুলিশ। বর্তমানে তারা বিচারিক হেফাজতে রয়েছেন।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডিং নিয়েও আলোচনা চলছে। এতে শিবার সঙ্গে অর্থ লেনদেন নিয়ে কথোপকথন রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে রেকর্ডিংটির বিষয়বস্তু ও ঘটনার সঙ্গে এর সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
শিবার মৃত্যুর প্রকৃত কারণ কী এবং এ ঘটনায় কারও অপরাধমূলক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। নতুন সিসিটিভি ফুটেজটি তদন্তে কী ধরনের তথ্য যোগ করবে, তা এখনো স্পষ্ট নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোর সত্যতা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
সবার দেশ/কেএম




























