আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
চাঁদাবাজির সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এমনকি তিনি নিজে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলেও তাকে যেনো ছাড় দেয়া না হয়, সে আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন,
এখন চাঁদাবাজি নিয়ে দুই পক্ষের মধ্যে ঠেলাঠেলি চলছে। চাঁদাবাজি যে-ই করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি চাঁদাবাজি করলেও আমাকেও হাতকড়া পরান। কাউকে ছাড় দেয়া যাবে না।
দেশে চাঁদাবাজি ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের পাশাপাশি দুর্নীতি এবং চাঁদাবাজি সর্বত্র ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি দেখা যাচ্ছে না।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দ্রব্যমূল্য দ্বিগুণ, তিনগুণ, আড়াইগুণ কেনো হয়? এ চাঁদাবাজির কারণে হয়।
চাঁদাবাজি ও দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। সরকার ভালো কাজ করলে বিরোধী দল সহযোগিতা করবে। কোথাও ভুল হলে তা ধরিয়ে দেয়া হবে। একই সঙ্গে বিরোধী দলের সমালোচনাও সরকারকে গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারের পদক্ষেপকে সহযোগিতা করার পাশাপাশি অনিয়ম ও ভুলত্রুটি তুলে ধরবে বিরোধী দল।
সবার দেশ/কেএম




























