নেতানিয়াহুকে এরদোয়ান
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া বক্তব্যের সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন, যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চে নয়, আদালতে। সেখানে তাদের রক্তপাতের জন্য জবাবদিহি করতে হবে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে, ইস্তাম্বুলে ২৯তম আন্তর্জাতিক বিজনেস ফোরামের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এরদোয়ান এ মন্তব্য করেন।
এরদোয়ান বলেন, যারা গণহত্যা চালাচ্ছে, তাদের বিচার এবং ইতিহাসের কাছে জবাবদিহির আওতায় আনা না হলে একই ধরনের নৃশংসতা আবারও ঘটতে পারে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন,
ফিলিস্তিনি জনগণ একা নয়। গাজায় ন্যায়বিচারের জন্য লড়াই করা মানুষদের তুরস্ক পরিত্যাগ করেনি।
তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ একা বা পরিত্যক্ত নয়। গাজায় আমাদের ভাই-বোনেরা ন্যায়বিচারের সন্ধানে একা নন।
আঞ্চলিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এরদোয়ান। তিনি বলেন, তুরস্ককে কেন্দ্র করে পুরো অঞ্চল বর্তমানে সংকটের এক পূর্ণাঙ্গ ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে।
সূত্র: আল জাজিরা
সবার দেশ/কেএম




























