ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট আটক
জুরিখ থেকে দিল্লিগামী একটি ফ্লাইট পরিচালনার ঠিক আগে মদ্যপ অবস্থায় থাকায় এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার কারণে ৬ সেপ্টেম্বরের জুরিখ-দিল্লি ফ্লাইটটির সময়সূচিতে পরিবর্তন আনতে হয়।
সুইজারল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকে জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়ার ক্রুদের মদ্যপান ও মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ার একাধিক ঘটনা সামনে আসায় নিয়ন্ত্রক সংস্থা বিমান সংস্থাটিকে অভ্যন্তরীণ নজরদারি ও পরীক্ষা ব্যবস্থা আরও কঠোর করার নির্দেশ দিয়েছে।
এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে, জুরিখ বিমানবন্দরে প্রাথমিক শ্বাস বিশ্লেষক পরীক্ষায় ওই পাইলটের ফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাকে ফ্লাইট পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। পরে উন্নত চিকিৎসা পরীক্ষার জন্য তাকে পাঠানো হয় এবং সাধারণ যাত্রী হিসেবে ভারতে ফেরত পাঠানো হয়।
চূড়ান্ত চিকিৎসা প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাইলটটি সাময়িক বরখাস্ত থাকবেন। তদন্তের ফলের ভিত্তিতে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে।
এয়ার ইন্ডিয়ায় দায়িত্ব পালনের আগে পাইলটদের মদ্যপান বা মাদক গ্রহণের অভিযোগের ঘটনা এটিই প্রথম নয়। চলতি বছরের জানুয়ারিতে কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে ভারতগামী একটি ফ্লাইট পরিচালনার আগে মদের গন্ধ পাওয়ায় এক পাইলটকে আটক করা হয়েছিলো। এছাড়া সম্প্রতি মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ায় আরেক পাইলটকে চাকরিচ্যুত করে সংস্থাটি।
গত বছরের জুনে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ দুর্ঘটনার পর পাইলটদের নিরাপত্তাবিধি ও পেশাগত আচরণের বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা, সুরক্ষা এবং নিয়ন্ত্রক সংস্থার বিধি লঙ্ঘনের ক্ষেত্রে তাদের কোনও ছাড়ের নীতি নেই। ফ্লাইট পরিচালনা বিভাগের প্রধান সব পাইলটকে দায়িত্ব পালনের আগে অ্যালকোহল বা নিষিদ্ধ মাদক গ্রহণ থেকে বিরত থাকার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। একই সঙ্গে সংস্থার নিরাপত্তা ও পরিচালনসংক্রান্ত নিয়মগুলো আবারও স্মরণ করিয়ে দেয়া হয়েছে।
সবার দেশ/কেএম




























